‘হয় বকেয়া টাকা দিন নাহলে গদি ছাড়ুন’, দিল্লি যাওয়ার আগে পাহাড় থেকে মোদীকে হুঁশিয়ারি মমতার

উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও কেন্দ্রের বঞ্চনা ও বকেয়া টাকা নিয়ে বারবার সরব হয়েছেন তিনি। গতকাল, শনিবার জানান যে বকেয়া টাকা আদায়ের দাবী নিয়ে আগামী ১৮ ডিসেম্বর তিনি যাচ্ছেন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। এর আগে ফের একবার মোদীকে হুঁশিয়ারি শানালেন মমতা।

আজ, রবিবার আলিপুরদুয়ারের মানুষদের নানান সরকারি পরিষেবা প্রদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়ার কাজও শুরু করেন। তাদের বাড়ি তৈরি করার জন্য টাকাও দেওয়া হবে বলে ঘোষণা করেন। সেই অনুষ্ঠানের ভাষণেই মুখ্যমন্ত্রী একদিকে যেমন কেন্দ্র সরকারকে বকেয়া টাকা আটকে রাখা নিয়ে হুঁশিয়ারি দেন, তেমনই আবার এদিন বিজেপিকেও নিশানা করেন তিনি।

কী বলেছেন মমতা?

এদিনের সভা থেকে মমতা বলেন, “বিজেপি কথা দিয়ে কথা রাখে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি এখানে এসে সব বন্ধ চা বাগান খুলে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভোট মিটে যাওয়ার পর কথা রাখেনি। আমরা যা কথা দিই তা রাখি”।  

তিনি আরও বলেন, “ফের আবার নাটক শুরু হবে। এদের বিশ্বাস করবেন না। কোভিডের সময় বিনামূল্যে কিছু রেশন দিয়েছিল। তারপর বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা বন্ধ করিনি। এটা আমাদের চলতে থাকবে। আমি চাই সকলে ভাল থাকুন”।

এরপরই কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের ১০০ দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না। মানুষের জন্য বাড়ি আমরা যা তৈরি করেছি তার টাকাও দেয়নি। সব কর রাজ্য থেকে কেন্দ্র সরকার তুলে নিয়ে চলে যাচ্ছে সেই টাকা দিচ্ছে না। রাস্তা তৈরির  টাকাও আটকে রেখেছে”।

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “১৮, ১৯, ২০ তারিখ প্রধানমন্ত্রীর সময় চেয়েছি। আশা করি প্রধানমন্ত্রী নিশ্চয় সময় দেবেন। আমার সঙ্গে বাংলার আরও কিছু সাংসদ যাবেন, তাঁরা বাংলার জন্য টাকা চাইবেন। ১ লাখ ১৫ হাজার কোটি টাকা আমাদের পাওনা আছে কেন্দ্রের থেকে। এই টাকা পেলে আমরা বাংলার মানুষের জন্য আরও কত কাজ করতে পারতাম”।

RELATED Articles