‘আমরা আধারে বিশ্বাস করি না’, আন্তর্জাতিক ভাষা দিবসে ফের আধার কার্ড ইস্যু নিয়ে মন্তব্য মমতার

গত কয়েকদিন ধরেই আধার কার্ড নিয়ে চর্চা চলছে রাজ্যে। এবার আন্তর্জাতিক ভাষা দিবসে এই আধার কার্ড ইস্যু নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলার ভাবাবেগে শান দেওয়ার পাশাপাশি আধার কার্ড ইস্যু নিয়েও সুর চড়ান তিনি।

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এদিন আধার কার্ড ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আধারে বিশ্বাস করি না। আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হল, সে চক্রান্তটা আমরা রুখে দিলাম। এটা বাংলা। এটা অন্য জায়গা নয়, এটা মাথায় রাখবেন। সূর্য যখন উদিত হয়, আমাদের বিবেক তখন জাগ্রত হয়। আমাদের সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড লাগে”।

গত কয়েকদিন ধরেই রাজ্যের নানান প্রান্ত থেকেই আধার কার্ড বাতিল হওয়ার অভিযোগ আসছে। আর এই নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে রাজ্যবাসীর মনে। আধার কার্ড বাতিল হলে একদিকে যেমন ব্যাঙ্কের লেনদেন আটকে যাবে, তেমনই আবার সরকারি প্রকল্পের পরিষেবাও মিলবে না। এর জেরে সংশয় তৈরি হয় রাজ্যবাসীদের মধ্যে।

আধার কার্ড নিয়ে এই বিতর্ক শুরু হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে প্রয়োজনে বিকল্প কার্ডের ব্যবস্থা করবে রাজ্য সরকার। ওই বিকল্প কার্ডের মাধ্যমে সরকারি সুবিধা পাওয়া যাবে। তিনি বলেছিলেন, “যাঁদের কার্ড নিয়ে এই সমস্যা হচ্ছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব। অলটারনেটিভ কার্ড দেব, বিকল্প কার্ড”।

জানা গুয়েছে, মতুয়া অধ্যুষিত বাগদার নানা এলাকায় অনেকের আধার কার্ড বাতিল হয়েছে বলে অভিযোগ ওঠে। আজ, বুধবার ভাষা দিবসের মঞ্চ থেকে এই নিয়ে গর্জে উঠে মমতা বলেন, “সমস্ত মতুয়াদের থেকে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হয়েছে। কোন অধিকারে? একটা লোক জানতে পারল না তাঁর কী অপরাধ”।

মুখ্যমন্ত্রীর কথায়, “এটা রাজনীতির খেলা, ভোটের খেলা। আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না। আমি মানবিকতার অঙ্কে বিশ্বাস করি। অধিকারের অঙ্কে বিশ্বাস করি”।

তিনি আরও বলেন, “বাংলার অধিকার, মর্যাদা কীভাবে রক্ষা করতে হয়, তা আমরা জানি। আমরা মাথা নত করতে জানি না। আমরা মাথা উঁচু করে চলি। এটা বাংলা বার বার প্রমাণ করেছে”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles