২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকে প্রত্যেক বছরই রেড রোডে নমাজে অংশ নেন তিনি। এদিন রাজ্যের নানান বিষয় নিয়েই কথা বলেন তিনি। তবে এবারের নমাজে রেড রোড থেকে ফের একবার কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিএএ-এনআরসি ইস্যু নিয়ে সরব হলেন নমাজের মঞ্চ থেকে।
আজ, বৃহস্পতিবার খুশির ঈদ। এদিন সকালে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত হন নমাজের অনুষ্ঠানের জন্য। আর এই মঞ্চ থেকেই তিনি আক্রমণ শানান সিএএ-এনআরসি ইস্যু নিয়ে। শুধু তাই-ই নয়, কেন্দ্রীয় এজেন্সিকে নিয়েও মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে।
কী বলেছেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)?
এদিন রেড রোড থেকে মমতার (Mamata Banerjee) বার্তা, “এবার নির্বাচনে সকলের বিরুদ্ধে এনআইএ, সিবিআই, ইডি লেলিয়ে দিচ্ছে। এর থেকে ভালো, আমি বলেছি, একটা জেলখানা বানিয়ে দিন। সকলে সেখানে চলে যাবে। কিন্তু ১৩২ কোটি মানুষকে জেলে ভরতে পারবেন তো? আমরা রয়্যাল বেঙ্গল বাঘের মতো লড়াই করি”।
এরপরই সকলকে আশ্বাস দিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। আমার কাছে সবার আগে আপনাদের নিরাপত্তা”। মমতার কথায়, বিজেপি নির্বাচনের সময় বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করছে, তাদের টোপ দেওয়ার চেষ্টা করছে।
এদিন কেন্দ্রের অভিন্ন দেওয়ানি লাগু করা নিয়েও মন্তব্য করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “মাছের মাথা হল সিএএ, ল্য়াজা এনআরসি আর মাছের পেটটা হল অভিন্ন দেওয়ানিবিধি। কিন্তু আমরা মানব না। গায়ের জোরে মানব না। নো সিএএ, নো এনআরসি, নো ইউসিসি। সকলের নিজস্ব অধিকার যেমন ছিল, তেমন থাকবে”।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সাফ কথা, “জুলুমবাজি, ভাঁওতাবাজি করে জনতার আশীর্বাদ পাওয়া যায় না। আমি দেশের জন্য রক্ত দিতে তৈরি, কিন্তু দেশের উপর অত্য়াচার সহ্য করব না। ভোটের সময় ওঁরা বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে, আর জিজ্ঞেস করে কী দরকার”।





