মমতার সবুজ সাথীর সাইকেল চেপে ভোট প্রচারে সিপিএম নেতা মহম্মদ সেলিম, ‘মুখেই খালি বড় বড় কথা’, কটাক্ষ তৃণমূলের

লোকসভা ভোট এখন দোরগোড়ায়। সমস্ত রাজনৈতিক দলের নেতানেত্রীরাই এই মুহূর্তে ব্যস্ত ভোট প্রচারে। ভোট প্রচারে বেরিয়ে রাজনৈতিক দলের নেতারা বিপক্ষ দলের দোষ, কমতি তুলে ধরছেন। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বারবার আক্রমণ শানাচ্ছেন বিরোধী দলের নেতারা। এবার এই ভোট প্রচারেই দেখা গেল এমন এক দৃশ্য যার কারণে বেশ কটাক্ষের মুখে পড়তে হল বাম শিবিরকে। 

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই নানান প্রকল্প শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, সবুজ সাথী (Sabuj Sathi Scheme) নানান উল্লেখযোগ্য প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। এই প্রকল্প নিয়ে বরাবরই বিরোধিতা করা হয়েছে বাম শিবিরের তরফে। কন্যাশ্রী প্রকল্পকে তো মানতেই নারাজ তারা।

সবুজ সাথী প্রকল্পে (Sabuj Sathi Scheme) স্কুল পড়ুয়াদের সাইকেল বিতরণ করে রাজ্য সরকার। যদিও তা নিয়ে কম কটাক্ষ করে নি বাম শিবির। কিন্তু এবার বামনেতাকেই দেখা গেল সেই সবুজ সাথী সাইকেল ব্যবহার করতে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী হলেন মহম্মদ সেলিম। গত মঙ্গলবার মুর্শিদাবাদের ডোমকল বিধানসভায় ভোট প্রচারে গিয়েছিলেন তিনি। নিজের ভঙ্গিমাতেই সাদা পাঞ্জাবি-পায়জামা পরে ভোট প্রচার করতে দেখা যায় তাঁকে। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। তবে নজর কাড়ে তাঁর সাইকেলটি।

রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের (Sabuj Sathi Scheme) সাইকেলে চেপেই প্রচারে গিয়েছিলেন মহম্মদ সেলিম। আর তা নিয়ে বেশ কটাক্ষের মুখেও পড়তে হয়েছে বামনেতাকে। শাসক দলের কথায়, তিনি তৃণমূলের বিপক্ষে দাঁড়িয়ে শাসক দলকে তুলোধোনা করছেন। আর শাসক দলেরই প্রকল্পের সবুজ সাথী সাইকেল নিয়েই প্রচারে বেরিয়েছেন। এ কেমন দ্বিচারিতা? প্রশ্ন শাসক দলের।

এই ঘটনা প্রসঙ্গে মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খান বলেন, “সিপিএম এর নেতা অনেক বড় বড় কথা বলেন। বিনা পয়সায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় চাল দিয়েছিল সেই সময় কোনও সিপিএম নেতা কিন্তু ত্যাগ করেননি। এখন সেই মহম্মদ সেলিম মমতা দিদির দেওয়া সবুজ সাথীর (Sabuj Sathi Scheme) সাইকেলে চেপে ভোটের প্রচার করছেন”।

RELATED Articles