কনটেনমেন্ট জোনে থাকবে সাতদিনের লকডাউন, ঘোষণা মমতার

কালকেই রাজ্য সরকার ঘোষণা করেছিল যে, রাজ্যে ফের জারি হবে কঠোর লকডাউন। এই জন্য বেশ কিছু এলাকাকে ভাগ করে হয়েছে এ (এফেক্টেড) ও বি (বাফার) জোনে। প্রথমে ঘোষণা করা হয়েছিল আগামী ৯ই জুলাই থেকে শুরু হয়ে অনির্দিষ্টকালের জন্য লকডাউন পালন হবে এই এলাকাগুলোতে। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গের কনটেনমেন্ট জোনগুলিতে ৭ দিনের জন্য লকডাউন পালন করা হবে।

এদিন মমতা বলেন, “কিছু কিছু এলাকায় সংক্রমণ বেড়েছে। তাই কনটেনমেন্ট জোনে ফের লকডাউন চালু করতে হচ্ছে। আপাতত সাত দিন লকডাউন থাকবে। তার পর পরিস্থিতি বিবেচনা করে দেখবে সরকার।”

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যে সব এলাকায় সংক্রমণ ছড়িয়েছে, সেগুলিকে পকেট হিসাবে চিহ্নিত করে সিল করবে প্রশাসন। সরকার পক্ষ থেকে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে যে এই কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের সাতদিন লকডাউনের সমস্ত নিয়ম আবশ্যিকভাবে পালন করতে হবে। বড় দোকান ও শপিং মল বন্ধ থাকবে কিন্তু ছোট দোকান খুলবে। এলাকাগুলোর সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং এই এলাকার বাসিন্দাদের সমস্ত অফিসের কাজ করতে হবে বাড়িতে বসেই। সব সময় সামাজিক দূরত্ব বিধি মানতেই হবে এই অঞ্চলের বাসিন্দাদের।

এছাড়া এদিন তিনি বেশ কিছু বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের বেশ কিছু এলাকায় লকডাউন মানা হচ্ছে না বলে ক্ষুব্ধ হয়েছেন মমতা এবং তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে মাস্ক ছাড়া কাউকে বাড়ির বাইরে বেরোতে দেখলেই যেন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এছাড়া গতকাল বেশ কিছু নামকরা সংবাদ মাধ্যম জেলা ভিত্তিক বিভিন্ন এ ও বি জোনের তালিকা প্রচার করে। যেগুলো পুরনো। এই সংবাদমাধ্যমগুলোর এহেন অযৌক্তিক আচরণের জন্য বেশ ক্ষুব্ধ হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। দক্ষিণ ২৪ পরগণার কনটেনমেন্ট জোনের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন ফের খতিয়ে দেখতে হবে তালিকা।

RELATED Articles

Leave a Comment