তৃণমূলের সব নেতা যেখানে দুর্নীতিগ্রস্ত সেখানে উনি বলছেন মাত্র ১০ শতাংশ? কটাক্ষ দিলীপের

পশ্চিমবঙ্গে দুর্নীতির হার ৯০% কমিয়ে দিয়েছে তৃণমূল। মমতার এই কথার জবাবে এবার পাল্টা কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, তৃণমূলে প্রত্যেকজন নেতামন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তার পরও উনি বলছেন দুর্নীতি আর ১০ শতাংশ বাকি?

এদিন দিলীপবাবু বলেন, ‘শুধু নামখানা ব্লক থেকেই এখনো অবধি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ওদিকে নন্দীগ্রামেও ২০০ – ২৫০ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে মাত্র জনা ২০ কে সাসপেন্ড করে দিয়ে দেখাচ্ছেন ‘ও কিছু না’। ২০০ নয় ২৫০০ লোক আছে যারা বেআইনি ভাবে টাকা নিয়েছে। যে ১০০০ কোটি টাকা মমতা ব্যানার্জি দিয়েছেন, সবটা ওনার নিজের লোকের পেটে গেছে।‘

দিলীপ ঘোষের প্রশ্ন, ‘উনি রাজনীতির বদলে দুর্নীতি করতে পারলে আমরা রাজনীতি করব না কেন? ওদের দুর্নীতি ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সাধারণ মানুষের অধিকারের টাকা যদি কেউ মেরে দেয়, লুঠ করে, স্বজনপোষণ করে কিংবা পার্টির লোককে খাওয়ায় তার প্রতিবাদ তো করতেই হবে বিজেপিকে।’

মুখ্যমন্ত্রীর মন্তব্যকে তোপ দেগে দিলীপ বলেন, ‘পশ্চিমবঙ্গে কি কোথায় দুর্নীতি হতে বাকি আছে? বাচ্চাদের স্কুলে ভর্তি, কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে প্রাইমারি টেট সর্বত্রই দুর্নীতি। কোনও নেতা বাদ পড়ে নি। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলে আমাদের বিরুদ্ধে কেস করেছে ওরা। তারপরও উনি বলছেন ১০ শতাংশ?’

প্রসঙ্গত, বুধবার কলকাতার এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, বাম আমলে পঞ্চায়েতে ১০০ শতাংশই দুর্নীতি হত। কিন্তু তাঁর আমলে এখনো অবধি তিনি ৯০ শতাংশ দুর্নীতি কমিয়ে দিয়েছেন।

RELATED Articles

Leave a Comment