‘করোনা পরিস্থিতিতে আয়, বরাদ্দ বেড়েছে, কয়েক কোটি কর্মসংস্থান তৈরি হবে’, বাজেটে বড় ঘোষণা মমতার

করোনা আবহে গত দু’বছর ধরে দেশ তথা গোটা বিশ্বে কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে। তবে এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবী করে এসেছেন যে এমন কঠিন সময়েও রাজ্যে বেকারত্বের হার দেশে বেকারত্বের হারের গড়ের চেয়ে কম।

এমন আবহে আজ, শুক্রবার রাজ্যে বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে রাজ্য সরকারের কয়েক কোটি কর্মসংস্থানের চেষ্টা চালাচ্ছে। এদিন বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী বলেন, “বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কয়েক কোটি কর্মসংস্থান তৈরি করব আমরা”।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান যে করোনাকালেও পশ্চিমবঙ্গের রাজস্ব আদায় ৩.৭৬ গুণ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বাজেটে বরাদ্দও বেড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সামাজিক প্রকল্পে রাজস্ব ১০ গুণ বরাদ্দ বেড়েছে। বাজেটে বরাদ্দ আট গুণ বেড়েছে। উচ্চশিক্ষায় বরাদ্দ ২৫ শতাংশ বেড়েছে। কৃষিতে বরাদ্দ বেড়েছে ১১.৩ গুণ। স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বেড়েছে ১৯.৩ গুণ”।

এদিনের বাজেটে ঘোষণা করা হয়েছে যে কৃষি ও কৃষি বিপণনে প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেট পেশের সময় অর্থ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান যে কৃষি বিপণনের জন্য ৪০৩.৩০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে।

এর পাশাপাশি কৃষিক্ষেত্রে আরও ৯ হাজার ৩১০.২০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব করেন তিনি। তিনি জানান, কৃষিক্ষেত্রে রাজ্যের বরাদ্দ আয় বেড়েছে ১১.৩ গুণ। কৃষকদের সাহায্য করার জন্য চালু করা কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে ৭৮ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন বলে এদিন জানানো হয়।

RELATED Articles