‘মানুষের ভোটে নয়, যন্ত্রের কেরামতিতে হেরেছে অখিলেশ, ওকে হারিয়ে দেওয়া হয়েছে’, উত্তরপ্রদেশের ফলাফল নিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তুললেন মমতা

উত্তরপ্রদেশে ফের একবার জয়ী যোগী সরকার। সে রাজ্যে নির্বাচনের আগে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সপা-র হারের পর এবার ইভিএম নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সাফ বললেন, “উত্তরপ্রদেশে অখিলেশ মানুষের ভোটে হারেনি। হেরেছে যন্ত্রের কেরামতিতে”। তৃণমূল নেত্রীর অভিযোগ, “আমার মনে হয় অখিলেশকে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএম নিয়ে বহু প্রশ্ন উঠেছে। ইভিএমে ভোট চুরি হয়েছে”।

আজ শুক্রবার ছিল রাজ্যে বাজেট অধিবেশন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, “উত্তরপ্রদেশে ঠিকভাবে হিসাব করলে দেখা যাবে বিজেপির আসন অনেক কমেছে। অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। আগেরবারের থেকে ৭২টি বেশি আসন ওরা পেয়েছে। বিজেপির বিরুদ্ধে ওকে একা লড়তে হয়েছে। চক্রব্যুহে ফেলে অভিমন্যু বধের মতো হারানো হয়েছে অখিলেশকে। ভোট লুট হয়েছে। ইভিএম সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অখিলেশ যদি হেরেও থাকে সেটা মানুষের ভোটে নয়, মেশিনের কারচুপিতে। যন্ত্রের কারসাজিতে জিতেছে বিজেপি। ইভিএমের ফরেনসিক টেস্ট হওয়া উচিত”।

মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলায় আমরা জিতেছি কারণ আমরা ইভিএম রক্ষা করতে পেরেছিলাম। আমাদের কর্মীরা ইভিএম পাহারা দিয়েছে। দিল্লিতে আম আদমি পার্টিও তাই”।

মমতার কথায় উত্তরপ্রদেশের এই ফলাফল ২০২৪ লোকসভা নির্বাচনের উপর কোনও প্রভাব ফেলবে না। তৃণমূল সুপ্রিমোর দাবী, “এই ফলাফলের প্রভাব ২০২৪-এর লোকসভায় পড়াটা বাস্তবোচিত নয়। ২৪-এ কী হবে, কে কোথায় থাকবে, তার ঠিক নেই। আমার মনে হয় চব্বিশে বিজেপিকে হারাতে সকলের একসঙ্গে কাজ করতে হবে। কংগ্রেস একসময় আমাদের নেতা ছিল, নিজেদের সংগঠনের জেরে গোটা দেশে ওদের প্রভাব ছিল। কিন্তু এখন কংগ্রেসের ইচ্ছাটাই নেই। ওদের উপর ভরসা করা উচিত হয়নি। অনেক আঞ্চলিক শক্তি আছে। সবাইকে একসঙ্গে লড়তে হবে”।

চার রাজ্যের বিধানসভা বিজেপির জয়লাভের জেরে বঙ্গ বিজেপির মধ্যে বিরাট উচ্ছ্বাস দেখা দিয়েছে। চার রাজ্যের গেরুয়া ঝড়ের আবির উড়েছে বাংলাতেও। আর এই আঁচ পৌঁছেছে বিধানসভা পর্যন্ত। এই প্রসঙ্গে মমতার কটাক্ষ, “ক’টা রাজ্যে জিতে লাফাচ্ছে। ২০২৪ লোকসভা লোকসভা করে ডুগডুগি বাজাচ্ছে। বাংলায় গোহারা হেরেও লজ্জা নেই”।

RELATED Articles