আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। দিকে দিকে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এই ঘটনার পর থেকেই কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারের দাবী, এই কর্মবিরতির জন্য সাধারণ মানুষকে খেসারত দিতে হচ্ছে। সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে একাধিকের, অভিযোগ রাজ্যের। এবার সেই মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে সাধারণ মানুষের উপর প্রভাব পড়ছে। সরকারি হাসপাতালে গিয়ে ঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না মানুষ, এমনটাই অভিযোগ। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের কর্মবিরতির জন্য বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ২৯ জনের, এমনটাই দাবী তাঁর। সেই মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য করবে রাজ্য সরকার, এমনটাই জানালেন মমতা।
আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্যের উপর চাপ বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন তারা। নবান্নের সঙ্গে বৈঠক নিয়ে বেশ জলঘোলা হয়। গতকাল, বৃহস্পতিবার নবান্ন গিয়েও বৈঠকে যোগ দেন নি চিকিৎসকরা। বৈঠকের লাইভ স্ট্রিমিং করার তাদের শর্ত মেনে না নেওয়ায় বৈঠকে যোগ দেন নি আন্দোলনরত চিকিৎসকরা।
এদিন নবান্ন থেকে ফিরে এসে সাংবাদিক বৈঠক করে চিকিৎসকরা জানিয়ে দেন, তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সিনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, যদি আন্দোলন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তারাও কর্মবিরতির ডাক দেবে। এমন আবহে এবার সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে একাধিকের মৃত্যুর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত চিকিৎসকদের উপর হামলার ছক বাম-অতি বামদের, অডিও ক্লিপ প্রকাশ করে দাবী কুণাল ঘোষের
এই প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবী, রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা ২৪৫টি। এর মধ্যে মেডিক্যাল কলেজ ২৬টি। মোট জুনিয়র চিকিৎসকদের সংখ্যা ৭ হাজার ৫০০ বেশি নয়। পশ্চিমবঙ্গে রেজিস্ট্রার চিকিৎসকের সংখ্যা ৯৩ হাজার। মাত্র কয়েকটি মেডিক্যাল কলেজে যেখানে সিনিয়ররা পরিষেবা দিচ্ছেন, সেখানে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করছেন বলে স্বাস্থ্য পরিষেবা কীভাবে বিঘ্নিত হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তোলেন তারা।





