একুশের নির্বাচনের আগে তিনি কথা দিয়েছিলেন। নির্বাচনে জেতার পর সেই কথা রেখেওছেন। বাংলার গৃহবধূদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে চালু করেছেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’। সেই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন বাংলার মহিলারা,
আজ, বৃহস্পতিবার তৃণমূল সরকার গঠনের তৃতীয় বর্ষপূর্তি। এই দিন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ২০ লক্ষ মহিলার হাতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রাপ্য টাকা তুলে দেন। তিনি এও ঘোষণা করেন যে এবার এই প্রকল্পের আওতাভুক্ত হলেন রাজ্যের ১ কোটি ৫১ লক্ষ মহিলা। প্রত্যেক মাসে মহিলারা পাবেন ৫০০ টাকা করে ও তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলারা পাবেন প্রতি মাসে ১০০০ টাকা করে।
আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বলেন, “আমাদের সরকার জনগণের সরকার। জনতার জন্য কাজ করে। আমাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ আছে, আর ওদের কুৎসার ভাণ্ডার। সবসময় খালি বাংলা সরকারের নিন্দা করে। আগে যাঁরা বাম ছিল, আজ তাঁরা সবাই বিজেপিতে নাম লিখিয়েছেন”। আজই রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এদিনই মমতার এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
এদিন মমতার সংযোজন, “আমরা যেটা বলি সেটা করি। অন্যেরা সেটা করে না। বরং কুৎসা করে। আমরা করি লক্ষ্মীর ভান্ডার, ওরা করে কুৎসার ভান্ডার! আজ একবছর পর গর্ব করে বলতে পারি প্রত্যেকটা প্রকল্পই কার্যকর করেছি। এক কোটি ৫১ লক্ষ আগেই লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। বিজিবিএস–এ আরও ৫ লক্ষ দেওয়া হয়েছে। বাকি ছিল ২০ লক্ষ। তাঁদের অ্যাকাউন্টে আজ পৌঁছে গিয়েছে। আমরা কাজ করি”।
বলে রাখি, ২০২১ সালের এইদিনেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিনেরই আজ প্রথম বর্ষপূর্তি। এই দিনটি উপলক্ষ্যে সারাদিন নানান কর্মসূচি রয়েছে মমতার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নতুন প্রকল্পের সম্প্রসারণের পর মন্ত্রীসভার বৈঠক করবেন তিনি। এরপর নতুন তৃণমূল ভবনেও যাবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে।





