বর্তমানে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একের পর এক প্রকল্প উদ্বোধন করছেন তিনি। কিন্তু তিনি যে গোটা দেশের খবর রাখছেন তা আজ তার মন্তব্যে বোঝা গেল।
সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কিশোরীকে গণধর্ষণ করে মেরে ফেলার ঘটনায় গোটা দেশ উত্তাল। ফিরে এসেছে আট বছর আগে দিল্লির নির্ভয়া কাণ্ডের ভয়াবহ স্মৃতি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তীব্র কটাক্ষ করলেন বিজেপির উদ্দেশ্যে।
আজ রাজ্যে জলপাইগুড়ি ফুল বাড়ির অনুষ্ঠান মঞ্চ থেকে পথস্ত্রী অভিযান প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালবেলায় টুইট করেছিলেন কিন্তু এবারে খোলামঞ্চ থেকেই উত্তরপ্রদেশের বিজেপি সরকার ও পুলিশকে রীতিমতো তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর সাফ বক্তব্য, “সীতা মাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। আর আজ উত্তরপ্রদেশে দেখুন শুধু ধর্ষণ নয় ধর্ষণের পর পুলিশ নির্যাতিতার দেহ আগুনে পুড়িয়ে দিল। যদি কোন অপরাধ হয় পুলিশের উচিত দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়া যেটা আমরাও করেছি। আমাদের রাজ্যে ৭২ ঘণ্টার মধ্যে অপরাধী ধরা পড়েছে কিন্তু উত্তরপ্রদেশে ধর্ষণের পর ওই তরুণীকে পুলিশ পুড়িয়ে দিয়েছে। এমনকি ওদের এক নেতা ও তো বলেছে যে মা-মেয়েকে একসঙ্গে পুড়িয়ে দাও।” মমতার গলায় তখন ক্ষোভ ঝরে পড়ছে।
এদিন বিজেপির নাম উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী তবে বলেছেন যে, “আজ দলিতরা কাঁদছে অথচ নির্বাচনের সময় লোক দেখিয়ে দলিতের বাড়ি খেতে যায় ওরা। আসলে সেই খাবার বাইরে থেকে কিনিয়ে নিয়ে আসে। আর তারপর দলিতদের অত্যাচার করে ওরা।”
যদিও গোটা ঘটনাতে বেশ কিছুটা গরমিল খুঁজে পেয়েছেন অনেকেই। কারণ মমতার বক্তব্য পুলিশ দোষীদের ধরেনি কিন্তু গতকাল খবর পাওয়া গিয়েছিল অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করা হয়েছে এবং চার্জশিট গঠন করার কাজ চলছে। আবার বিরোধীদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই ব্যাপারে মুখ খুলেছেন তাহলে রাজ্যে গেদে, গাইঘাটা, কামদুনি, পার্কস্ট্রিট কাণ্ড নিয়ে এত তৎপরতা চোখে পড়েনি কেন?
গতবছর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের বেশ কিছু আসন দখল করে নেয় বিজেপি যার ফলে বেশ কোণঠাসা হয়ে যায় তৃণমূল। তবে উত্তরবঙ্গ দখল করার পর বিজেপি কতটা উন্নয়নের কাজ করেছে সেই নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তাঁর দাবি, “ওরা বলে কিছু আর করে অন্য কিছু। কিন্তু আমরা যা বলি তাই করি। যার কথার দাম নেই তাকে আমি মানুষ বলে মনে করি না।”





