উনিশের লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে লড়াই করার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সময় তা সেভাবে ফলপ্রসূ হয়নি। কারণ সমস্ত দলগুলিই নিজেদের নীতি নিয়েই লড়তে চেয়েছিল। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে এর পুনরাবৃত্তি চাইছেন না মমতা। আর সেই কারণে লোকসভা নির্বাচনের এক বছর আগেই বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন তিনি।
আজ, শুক্রবার সমশেরগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, রামের নামে বিজেপি দেশকে ভাগ করতে চাইছে। এজেন্সি পাঠিয়ে সমস্ত বিরোধী দলগুলিকে কোণঠাসা করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। আর তা রুখতে বিরোধী দলগুলির একযোগ হওয়া জরুরি বলে মনে করেন তৃণমূল নেত্রী।
এদিনের সভা থেকে মমতা বলেন, “এভাবে দেশকে ভাগ করবেন না। রামের নাম বদনাম করবেন না। এজেন্সি ব্যবহার করে ভোট পাওয়া যাবে না। আমি শুধু ভোটের আগে বলব, সব বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে যান, একের বিরুদ্ধে এক লড়াই করুন। যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়াই করুন। আমাদের কোনও আপত্তি নেই। চেষ্টা করব এসঙ্গে কাজ করার”।
এদিন মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “বিজেপির দু’টি কাজ। একটা বলে ‘থোক দো’। যেমন এনআরসি নিয়ে আপনারা দেখেছেন, বিলকিস নিয়ে কী করেছে, আপনারা দেখেছেন। দুই, ইডি-সিবিআই পাঠিয়ে বলে ধামাকা করে দাও। যখন ইডি-সিবিআই কিছু পায় না তখন বলে ধামাকা করে বদনাম করে দাও”।
এদিন মমতা যে জায়গায় দাঁড়িয়ে এই আক্রমণ শানান, সেই গড় আসলে কংগ্রেসের গড় নামে একসময় পরিচিত ছিল। আগামী লোকসভা নির্বাচনেও কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বে মালদহ ও মুর্শিদাবাদে লড়ার জন্য প্রস্তুতি চালাচ্ছে। এমন আবহে সেখানে যদি তৃণমূল ও কংগ্রেসের জোট না হয়, তাহলে মমতার এই ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্র প্রথমেই ব্যর্থ হয়ে যাবে।





