পূর্বপরিকল্পনা বাতিল! শহিদ দিবসের দিন নন্দীগ্রামে সভা করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়

সবই ঠিক ছিল, পরিকল্পনা মাফিকই সবকিছু এগোচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিলেন খোদ মমতাই। আগামী ৭ই জানুয়ারি নন্দীগ্রামে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সভা আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি কবে সভা করবেন বা ৭ই জানুয়ারি তিনি কেন সভা করবেন না, এ নিয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী উপস্থির না থাকলেও শহিদ দিবসের অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে যোগ দেবেন সুব্রত বক্সি ও জেলার তৃণমূল নেতৃত্ব। পূর্বপরিকল্পিত কর্মসূচী বাতিল হওয়া নুয়ে কেউই কোনও কারণ স্পষ্ট করেননি।

আগামী বিধানসভা নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে এসেছে নন্দীগ্রাম। দিনে দিনে নির্বাচনের পারদ বেড়েই চলেছে। কথা ছিল আগামী ৭ই জানুয়ারি শহিদ দিবস উপলক্ষে নন্দীগ্রাম যাবেন মুখ্যমন্ত্রী। পরের দিন অর্থাৎ ৮ই জানুয়ারি নন্দীগ্রামে সভা করবেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। তবে এরই মধ্যে তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠে। এর বিরুদ্ধে গতকাল রবিবার আরও একগুচ্ছ দাবী নিয়ে নন্দীগ্রাম থানা ঘেরাও করেন বাম-কংগ্রেস কর্মীরা। সব মিলিয়ে রাজনৈতিক দিক দিয়ে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম।

এদিকে, ৮ই জানুয়ারি নন্দীগ্রামে শুভেন্দুর সভা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। ৮ই জানুয়ারি যেহেতু বিজেপির সভা রয়েছে, তাই মুখ্যমন্ত্রী ভয়ে সেখানে যাচ্ছেন না। এরপর অনেক জায়গাতেই যাওয়া বন্ধ হয়ে যাবে”।

এই নন্দীগ্রামের সভাতে দাঁড়িয়েই শাসকদলের বিরুদ্ধে প্রথম অভিযোগের বীজ বপন করেছিলেন তৎকালীন তৃণমূল মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সভাতেই তিনি প্রথমবার তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। কথা বলেন শাসকদলের দুর্নীতি নিয়ে। কার্যত, এদিন থেকেই তৃণমূল থেকে পরোক্ষভাবে বিদায় নিয়েই নিয়েছিলেন শুভেন্দু। এবার বিজেপিতে যোগ দেওয়ার পর ৮ই জানুয়ারি নন্দীগ্রামে তাঁর প্রথম সভা। এই সভাতে তিনি শাসকদলকে কোনও বাক্যবাণে বিঁধবেন, এখন সেটাই দেখার।

RELATED Articles