‘অর্পিতাকে গ্রেফতার করে ঠিক করেছে, তাহলে বিজেপি নেতাকে নয় কেন’? ধৃত প্রসন্নের বাড়িতে দিলীপের বাড়ির দলিল উদ্ধার প্রসঙ্গে মমতা

গতকাল, মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) এমন দাবী তুলেছিলেন। এবার সেই একই দাবী শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখেও। কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন যে অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) যদি গ্রেফতার করা হয়, তাহলে বিজেপি নেতাকে (BJP Leader) কেন করা হবে না?

মুখ্যমন্ত্রী বলেন, “ওই যে ওই মেয়েটা, অর্পিতা…আমি ঠিক চিনি না। ওকে গ্রেফতার করেছে। ঠিকই করেছে। এমনিতে প্রতিহিংসাপরায়ণ (কেন্দ্রীয় এজেন্সি) কিন্তু আইনে যা আছে তা তো হবেই। প্রশ্ন হল, অর্পিতার বাড়িতে পাওয়া দলিল নিয়ে যদি তাকে গ্রেফতার হয় তাহলে বিজেপি নেতার ক্ষেত্রে কেন হবে না”।

এসএসসি নিয়োগ দুর্নীতির মধ্যস্থতাকারী প্রসন্নকুমার রায়ের বাড়ি থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ অবশ্য বলেছেন যে প্রসন্ন ওই আবাসনেই থাকতেন। বিদ্যুৎ সংযোগের বিষয়ে কাজকর্মের জন্য তিনি সেই কাগজপত্র দিয়েছিলেন প্রসন্নকে। তবে প্রসন্ন কী কাজকর্ম করতেন, তা তিনি জানতেনও না।

দিলীপবাবু যাই বলুন না কেন, এই ঘটনাকে হাতিয়ার করে তোপ দাগতে কিন্তু একটুও সময় ব্যয় করেনি তৃণমূল। কুণাল ঘোষ থেকে শুরু করে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিলীপ ঘোষকে গ্রেফতারির দাবী তুলেছেন। আর এবার একই মন্তব্য করলেন মমতাও।

তবে রাজনৈতিক মহলের মতে, মমতার এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। অর্পিতাকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছে। আর মমতার এই বার্তা সামগ্রিকভাবে কিন্তু একপ্রকার পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গেও বার্তা বলে মনে করা হচ্ছে। অর্থাৎ অন্যান্য গ্রেফতারিকে মমতা বা তৃণমূলের তরফে চক্রান্ত, ষড়যন্ত্র বলা হলেও, অর্পিতার গ্রেফতারিকে উচিত বলেই মনে করছেন স্বয়ং দলনেত্রীই।

RELATED Articles