‘অখিলের মধ্যে শুভেন্দুর জিন চেপেছে’, অখিলের রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের আজব ব্যাখ্যা দিলেন মদন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে কুরচিকর মন্তব্য করেন মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। সেই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে আরও যেন বিতর্ক বাড়িয়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাঁর দাবী, “অখিলের মধ্যে শুভেন্দুর (Suvendu Adhikari) জিন চেপেছে আর সেটাই এখানে কাজ করছে”। তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বেশ শোরগোল পড়েছে।

গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় মদন মিত্র বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু দাঁড়ালে প্রার্থী দিতেন না। কিন্তু অখিলের দোষ নেই। ওর উপর শুভেন্দুর পরিবারের জিন চেপে গিয়েছে। মানে শুভেন্দুরা যে ভাষায় কথা বলে, সেটা অখিলের মুখ দিয়ে বেরিয়েছে। বেরোত না, অখিল শুভেন্দুর মাসতুতো ভাই তো! তাই জিনটা এখানে কাজ করেছে”।

বলে রাখি, গত সপ্তাহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি। সেই নিয়ে বর্তমানে রাজ্য-রাজনীতিতে বেশ শোরগোল পড়েছে। তৃণমূলের তরফে সেই ঘটনার পরদিনই মন্ত্রীর মন্তব্যের নিন্দা করা হয়। এমনকি সোমবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও অখিলের মন্তব্যের নিন্দা করে প্রকাশ্যে ক্ষমা চান।

মন্ত্রীর এই মন্তব্যের প্রসঙ্গে গত সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দলের তরফ থেকে অখিলের মন্তব্যের নিন্দা করা হয়েছে। তাঁকে সতর্কও করা হয়েছে। শুধু রং দিয়ে সৌন্দর্য বিচার করা যায় না। বর্তমান রাষ্ট্রপতিকে আমি খুবই সম্মান ও মর্যাদা করি। তিনি খুবই ভাল ও মধুর স্বভাবের মহিলা, তাঁকে খুবই পছন্দ করি আমি”।

RELATED Articles