এর আগে মহুয়া মৈত্রকে নিয়ে কোনও শব্দ খরচ করতে শোনা যায়নি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সামনেই লোকসভা নির্বাচন। এর আগে অবশেষে মহুয়াকে নিয়ে নিজ্রর অবস্থান স্পষ্ট করলেন মমতা। আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে কর্মীদের নিয়ে মেগা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মহুয়ার পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে টাকা নিয়ে নাকি সংসদের আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন তিনি। ওই ব্যবসায়ীর থেকে ২ কোটি টাকা ও দামী উপহার নিয়েছেন মহুয়া মৈত্র, এমনটাই অভিযোগ তোলে বিজেপি। লোকসভার এথিক্স কমিটি পর্যন্ত সেই ঘটনা গড়ায়। এই বিষয়ে আসন্ন শীতকালীন অধিবেশনে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
মহুয়ার পাশে মমতা
এবার এই ঘটনায় মহুয়ার পাশে দাঁড়িয়ে বিজেপিকে একহাত নিয়ে মমতা আজ বললেন, “এদের এখন পরিকল্পনা মহুয়াকেও তাড়িয়ে দেওয়া। আরে তাতে তো ও-ই জনপ্রিয় হয়ে যাবে তিন মাসের জন্য। যেটা ভিতরে বলত, সেটা বাইরে বলবে। রোজ সাংবাদিক সম্মেলন করে বাইরে বলবে। হয়ে গেল! কী যায় আসে এসবে। মূর্খ না হলে কেউ ভোটের তিন মাস আগে এ জিনিস করে”।
এর আগে মহুয়ার বিষয় নিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছিল, মহুয়াকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্যও একই ছিল। মহুয়া নিজেই এ বিষয়ে প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়ার, তা নিচ্ছেন।
এই বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কৃষ্ণনগরের সাংসদ। হুঙ্কারের সুরে তিনি বলেছিলেন, ”আমার সাংসদ পদ বাতিল হলেও পরেরবার দ্বিগুণ ভোটে জিতে ফিরব”। আর আজ মমতার এই মন্তব্য যেন তাঁরই আত্মবিশ্বাসের প্রতিফলন। চব্বিশের লোকসভা নির্বাচনে দলের অন্যতম নির্ভরযোগ্য সৈনিককে ফের লড়াইয়ের ময়দানে নামাবেন মমতা, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।





