রাজ্যে কবে থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকা? জানালেন মুখ্যমন্ত্রী

বিশেষজ্ঞদের মত অনুযায়ী, আগামী মাসেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে তাই কোনওরকমের কোনও ঝুঁকি নিতে রাজী নয় রাজ্য সরকার। এর জেরে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত বাড়ানো হল লকডাউন। কিন্তু এবারে কী লোকাল ট্রেন চলবে? কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

গত ১৬ই মে রাজ্যে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজ্যে চালু হয় লকডাউন। এর জেরে বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন পরিষেবাও। এরপর ধীরে ধীরে বিধিনিষেধ কিছুটা করে শিথিল করা হলেও, লোকাল ট্রেন চালানোর অনুমতি মেলেনি রাজ্য সরকারের পক্ষ থেকে। এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা।

স্টাফ স্পেশাল ট্রেন কিছু চললেও তাতে লাভ হচ্ছে না। সেই ট্রেনেই অনেকসময় দেখা যায় সাধারণ জনগণ উঠে ভিড় বাড়াচ্ছে। এবার ফের লকডাউন বাড়াল নবান্ন। তবে এবারও লোকাল ট্রেন চালানোর অনুমতি দিলেন না মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এখন সংক্রমণ কিছুটা কমের দিকে। কিন্তু টিকার অভাবের কারণে গ্রামগঞ্জের দিকে টিকাকরণ সেভাবে হয়নি। তিনি জানান কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়া জেলায় ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গেলে তবেই লোকাল ট্রেন চালানো হবে।

আরও পড়ুন- ত্রিপুরার পর এবার লক্ষ্য উত্তরপ্রদেশ, যোগীরাজ্যেও ‘খেলা হবে’ দিবস পালন করতে উদ্যত তৃণমূল

তবে জনগণের ক্ষোভের কথা আঁচ করে আজ, বৃহস্পতিবার মমতা বলেন, “অনেকে আমায় প্রশ্ন করছেন, লোকাল ট্রেনটা চলছে না। টিকাটা আমি যতক্ষণ না গ্রামেগঞ্জে দিতে পারব, এর (করোনাভাইরাস) প্রকোপ তো বাড়বে। এখন থেকে তো নিয়ন্ত্রণে করতে হবে। আমি জানি মানুষের কষ্ট হচ্ছে”।

এর পাশাপাশি তিনি এও বলেন, “একটাই সমস্যা। সেপ্টেম্বরে একটা তৃতীয় ঢেউ আসতে পারে। আমি জানি, মানুষের অভাব-অভিযোগ আছে। কিন্তু আপনার জীবনের থেকে বেশি কিছু দামি নয়। তাই আর কয়েকটা দিন আমাদের কষ্ট করতে হবে বন্ধু”।

মুখ্যমন্ত্রীর কথায়, লোকাল ট্রেন না চললেও, বাস, মেট্রো ও অন্যান্য গণপরিবহণ চলছে। এই কারণে এখনই ট্রেন চালানোর ঝুঁকি নেওয়া সম্ভব নয়। এদিকে, অনেকেরই প্রশ্ন, বাস, মেট্রোর মতো নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে কেন ট্রেন চালানোর অনুমতি দেওয়া হচ্ছে না। এই বিষয়ে মমতার মত, “নিয়ম মেনে যেতে বললাম, কিন্তু দেখলাম সবাই গাদাগাদি করে যাচ্ছে”।

RELATED Articles