আর সাপ্তাহিক নয়, এবার ডিজিটাল দৈনিক হচ্ছে ‘জাগো বাংলা’, ভিডিও বার্তা দিলেন মমতা

আগামী ২১শে জুলাই থেকে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ রূপান্তরিত হতে চলেছে দৈনিক সংবাদপত্রে, তবে ডিজিটাল মাধ্যমে। এমন একটি ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই করেছিলেন। এবার এই বিষয়ে সিলমোহর দিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, ফেসবুকের মাধ্যমে ভিডিও বার্তা একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার মতো শুভদিনেই ‘জাগো বাংলা’র ফেসবুক থেকেই এই ভিডিও পোস্ট করা হয়েছে। কী বার্তা দিলেন তিনি?

তৃণমূল নেত্রীর কথায়, “জাগো বাংলা আমাদের খুব প্রিয় একটি পত্রিকা। তৃণমূলের প্রতিষ্ঠার সময় থেকেই এই প্রত্রিকা আমরা নিজেরা চালিয়ে আসছি। আপাতত কোভিড পরিস্থিতির জন্য এটা সাপ্তাহিক হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ২১শে জুলাই থেকে প্রতিদিনই এটা দেখতে পাবেন ‘জাগোবাংলা’ পেজে। আপাতত এটা ডিজিটাল-ই চলবে। কিন্তু আস্তে আস্তে এটা দৈনন্দিন পত্রিকা হিসেবে সকলের কাছে পৌঁছে যাবে”।

আরও পড়ুন- আসছে গো-সংরক্ষণ বিল, কড়াকড়ি হবে গো-মাংস বিক্রিতে, না মানলেই জেল, জরিমানা

২১শে জুলাই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। এদিন ধর্মতলায় সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ তৃণমূল নেতারা। নানান জেলাতেও এদিন শহিদ দিবস পালিত হয়।

তবে গত বছর করোনার কারণে শহিদ দিবস ভারচুয়ালি পালন করা হয়েছে। ভাবা হয়েছিল, এই বছর হয়ত বেশ আড়ম্বরের সঙ্গে এই দিনটি পালন করা হবে। কিন্তু তা হবে না। করোনার পরিস্থিতির কারণে এ বছরও শহিদ দিবস পালন হবে ভার্চুয়াল মাধ্যমেই। তবে এদিন থেকে ডিজিটাল দৈনিকে পরিণত হয়েছে ‘জাগো বাংলা’।

বলে রাখি, এতদিন পর্যন্ত রাজ্যে একমাত্র সিপিএমেরই মুখপত্র দৈনিক প্রকাশিত হয়। প্রথমে তা প্রকাশিত হত সান্ধ্য দৈনিক হিসেবে। পরবর্তীতে, আটের দশক থেকে দৈনিক হিসেবেই প্রকাশিত হয় গণশক্তি। সেদিক থেকে দেখতে গেলে বিজেপির এরকম ধরণের কোনও মুখপত্র এখনও পর্যন্ত নেই। এবার তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’রও রূপান্তর ঘটে নতুন করে তা বাজারে আসতে চলেছে। ২০২৪-এর লোকসভার আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বোঝাই যাচ্ছে।

আরও পড়ুন- দলত্যাগী মুকুলকে পিএসির চেয়ারম্যান মানা হবে না, বিধানসভায় সমস্ত পদ ছাড়ার পথে বিজেপি

RELATED Articles