মালবাজারে হড়পা বানের জেরে মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি। এর পাশাপাশি কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্তের নির্দেশ দেন মমতা।
দুর্গাপুজোর দশমীর দিন মালবাজারের মাল নদীতে আসে হড়পা বান। এর জেরে মৃত্যু হয় একাধিকের। মৃতদের পরিবারের পাশে আগেই দাঁড়িয়েছিল রাজ্য সরকার। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়। গতকাল, সোমবার বিকেলেই মালবাজার পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েই তিনি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন।
সকলের সঙ্গে কথা বলে প্রত্যেকের পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর আজ, মঙ্গলবার মালবাজারের আদর্শ বিদ্যাভবনে হড়পা বানে মৃতদের পরিবারের একজনকে চাকরির নিয়োগপত্র দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই-ই নয়, এই ঘটনায় উদ্ধারকার্যে সাহায্য করা ৭ যুবক-যুবতীর হাতে ১ লক্ষ টাকা ও প্রশংসাপত্রও তুলে দেওয়া হয়।
পাশাপাশি, মালবাজারের প্রশাসনিক বৈঠক থেকে ৫৩ জন আদিবাসীকে সিভিক ভলান্টিয়ারের পদে চাকরির নিয়োগ পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় রেড রোডে পুজো কার্নিভ্যালের দিন একটি আদিবাসী দল নৃত্য পরিবেশন করতে এসেছিল। সেই দলটি মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আরজি জানিয়েছিল। এদিন তাদের ৫৩ জনও পেয়েছেন নিয়োগ পত্র।
বলে রাখি, দুর্গাপুজোর বিসর্জনের দিন মালবাজারের মাল নদীতে ঘটে দুর্ঘটনা। পাহাড়ের উপর থেকে ধেয়ে আসে হড়পা বান। এই বানের জেরে প্রতিমা নিরঞ্জন করতে আসা কয়েকটি গাড়ি ও কয়েকশো মানুষ নদীর বিপুল স্রোতের মুখে পড়ে। এর জেরে মৃত্যু হয় ৮ জনের। সেই মৃতদের পরিবারকেই চাকরি দিলেন মুখ্যমন্ত্রী।





