গতকাল, শনিবার নজরুল মঞ্চে ছিল তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যার উদ্বোধন। প্রত্যেক বছর নিজের নজরুল মঞ্চে উপস্থিত থেকে এই উদ্বোধন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বছর তা হয়নি। পায়ের চোটের কারণে উপস্থিত থাকতে পারেন নি তিনি। এদিন কালীঘাটে নিজের বাড়ি থেকেই দলীয় মুখপত্রের শারদ সংখ্যার ভারচুয়ালি উদ্বোধন করেন মমতা। এদিন দলীয় মুখপত্রের শারদ সংখ্যার পাশাপাশি প্রকাশিত হয় মমতা বন্দ্যোপাধ্যায় লেখা একটি কবিতার সংকলন ‘কবিতা’।
এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “প্রতিদিন দলীয় মুখপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি করে কবিতা ছাপা হয়। সেসব কখনও কবিতাবিতান থেকে নেওয়া, কখনও আবার অন্য়ান্য জায়গা থেকে। ‘কবিতা’ নামক বইয়ে সেগুলি রয়েছে। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর করা গানের সিডিও প্রকাশিত হয়। নাম আলো দাও”।
কী জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এদিন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার প্রায় ১৩৫টি বই আছে। নতুন প্রজন্মের অনেকেই আমাদের আন্দোলনের কথা জানেন না। সেগুলি জানতে এই বইগুলো কিনুন। তৃণমূল কেন তৈরি হয়েছিল, সেই ইতিহাস জানুন”।
নিজের বই আলোকবর্তিকা নিয়ে বার্তা মমতা
এদিন তৃণমূল নেত্রী আরও বলেন, “আমার একটা বই আছে আলোকবর্তিকা। ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে তা লেখা। যখনই জীবনে সঙ্কট আসবে সেটা যদি পড়ে দেখেন আপনারা তার থেকেই সঙ্কটের সুরাহা পাবেন। ছাত্র, নতুন প্রজন্ম, যাদের ২০০১-এর পর বা ২০১০-এর পর জন্ম তাদের অনুরোধ করব এই বইগুলো পড়ার”।





