৬০ নয়, এই বছর পুজো কমিটি পিছু ৭০ হাজার টাকা অনুদান, বিদ্যুতের বিলেও বড় ছাড়, শারদীয়ার উপহার মমতার

দারুণ খুশির খবর পুজো কমিটিগুলির জন্য। করোনা কালে তো পুজোর অনুদান বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছিল সরকারের তরফে। গত বছর সেই অনুদান গিয়ে দাঁড়ায় ৬০ হাজারে। এই বছর ফের অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর দুর্গাপুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বিদ্যুতের বিলেও রয়েছে বড় ছাড়।

আজ, মঙ্গলবার বিকেলে রাজ্যের সমস্ত দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি জানান বিগত বছরগুলিতে কীভাবে রাজ্য সরকার পুজোর অনুদান বাড়িয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, “এবার তাহলে ওটা অর্ধেক করে দিই”? বলে নিজেই কিছুটা হেসে ফেলেন মমতা।

দুর্গাপুজোয় কত টাকা অনুদান দিচ্ছে সরকার?

মমতা বলেন, “সরকারের কিন্তু একদম টাকা নেই। যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো”? এরপরই ঘোষণা করলেন, “৬০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার করলাম”। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এমন নয় যে আমরা টাকা দিয়ে ক্লাবগুলিকে কিনে নিচ্ছি। তা নয়। আমাদের টাকা কম। টাকা নেই”।

বিদ্যুতের বিল নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী এদিন আরও জানালেন যে বিদ্যুৎ বিল বাবদ মাত্র এক তৃতীয়াংশ মাশুল দিতে হবে পুজো কমিটিগুলিকে। আগে যা দিতে হত দুই তৃতীয়াংশ। তিনি আরও জানান, “আর বাদ বাকি তো নো ট্যাক্স। আপনাদের বিজ্ঞাপণের ট্যাক্সও দিতে হয় না। দমকলও ফ্রি। সবটাই ফ্রি। দমকলের অনুমতিও ফ্রি। সেটাও উঠে গিয়েছে। কোনওকিছু দিতে হবে না। আপনারা সুন্দর করে, ভালো করে পুজো করুন”।
প্রসঙ্গত, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল পুজোর বৈঠক। সেখান থেকে রাজ্যের মন্ত্রী, আমলাদের পাশাপাশি নানান ধর্মীয় সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। কলকাতা ও কলকাতা সংলগ্ন একাধিক পুজো কমিটির সদস্যরা হাজির ছিলেন। ভারচুয়ালি হাজির ছিলেন জেলার পুজো কমিটির সদস্যরা। বৈঠকে পুজো কমিটিগুলির জন্য একগুচ্ছ গাইডলাইনস তৈরি করে দেন মুখ্যমন্ত্রী।

RELATED Articles