Mamata Banerjee on arrest of miscreants: বাংলার সঙ্গে যোগ জঙ্গি কাণ্ডের। বাংলা থেকে গ্রেফতার করা হয়েছে দুই জঙ্গিকে। এরা দু’জন আইসিস জঙ্গি হতে পারে বলেও মনে করা হচ্ছে। এই দুই জঙ্গি বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্ত। এই জঙ্গির সঙ্গে বাংলা যোগের অভিযোগ উঠতেই এ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আজ, শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের কাঁথির এক হোটেল থেকে আব্দুল মাথিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিবকে গ্রেফতার করে এনআইএ। গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত এরা দু’জন। গোপন সূত্রে খবর পেয়ে এদিন তাদের দু’জনকে গ্রেফতার করে এনআইএ। এরা দু’জন পরিচয় গোপন করে কলকাতার কাছে লুকিয়ে ছিল বলে অভিযোগ।
এই ঘটনায় বাংলার সঙ্গে জঙ্গির যোগের অভিযোগ তুলেছেন বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবী, “কাঁথি আমার হোম টাউন। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল এটা আগেও প্রমাণিত। পাঞ্জাব পুলিশ চপারে করে এখানে এসে পাঞ্জাবের দুষ্কৃতি এনকাউন্টার করেছে। মুজিবর রহমানের দুজন দণ্ডাদেশ প্রাপ্ত খুনি। একজন হাওড়ায় হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে ছিল। পরে পার্ক সার্কাস থেকে মাজেদকেও ধরা হয়। পার্কসার্কাস মানে শহরের প্রাণ কেন্দ্র। এটা স্বাভাবিক যে গোটা দেশে যত বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তাদের সেফ জোন এইটা। সিপিএম করত। এখন মমতা ব্যানার্জি (Mamata Banerjee) করছে”।
আবার এই ঘটনা প্রসঙ্গে মমতা সরকারকে দুষে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লেখেন, “রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের দুই সন্দেহভাজনকে কলকাতা থেকে আটক করেছে এনআইএ। তারা হয়তো কর্ণাটকে শিবমোগাই আইসিস সেলের অংশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে বাংলা জঙ্গিদের নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে। এটা দুর্ভাগ্যজনক”।
বিরোধীদের এই আক্রমণের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, শুক্রবার কোচবিহারে জনসভা থেকে এই জঙ্গিদের গ্রেফতারি নিয়ে মমতা বলেন, “লোকগুলি তো কর্নাটকের। এখানকার নয়। আমাদের বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল। দু’ঘণ্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আমাদের পুলিশ এই কাজ করেছে” (Mamata Banerjee on arrest of miscreants)।
এরপরই অমিত মালব্যকে দেগেও তিনি বলেন, “ওদের একটা ছেলে আছে। আমরা ফোড়ংবাজ বলি। কারণ বেশি ফোড়ং কাটে। বলছে বাংলা সেফ নয়। তোমার দিল্লি সেফ? উত্তর প্রদেশ সেফ? গুজরাট সেফ? বাংলার মানুষ শান্তিতে থাকে, সেটা সহ্য হয় না। বিজেপি সেটা পছন্দ করে না। অত্যাচারের সমস্ত সীমা পার করে গিয়েছে” (Mamata Banerjee on arrest of miscreants)।





