নিশানায় মমতা, তোপ দিলীপের! বিপর্যয় মোকাবিলায় পাঠানো কেন্দ্রের টাকা বিধানসভা নির্বাচনে ঢালার মতলবে রয়েছেন মমতা! অভিযোগ তাঁর!

অবস্থা যতই সঙ্গীন হোক রাজনৈতিক কচকচানি যেন‌ও থামার নয়! আমফানের ক্ষতিপূরণ হিসেবে পাঠানো কেন্দ্রীয় সরকারের টাকা দিয়ে ২০২১ সালের ভোট উৎড়োনোর মতলবে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই দিন আমফানের ক্ষতিপূরণবাবদ ১ লক্ষ কোটি টাকারও বেশি কেন্দ্রের কাছে দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

বিজেপির রাজ্য সভাপতি বলেন ‘কাল মুখ্যমন্ত্রী আবার সব বিধায়কদের বলেছেন, তৈরি হয়ে যান। টাকা আসছে। ইলেকশন ফান্ড তৈরি করতে হবে। লোকে সব বোঝে।‘

শনিবার কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে আগাম দেখা করেও একই অভিযোগ করেছেন দিলীপবাবু। কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বরাদ্দ এলেই তৃণমূল নেতারা পকেটে ঢোকাতে শুরু করে দেন। আর নির্বাচনের মুখে তো দুর্নীতি অবধারিত। তাই আমফানের ক্ষতিপূরণবাবদ কেন্দ্রীয় টাকা পাঠালেও তা তৃণমূল নেতারা যেন সরিয়ে ফেলতে না পারে সেদিকটা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার দলের, বিধায়ক, সাংসদ, মন্ত্রী ও জেলা সভাপতিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন মমতা। তাতে বিধানসভা নির্বাচনের জন্য দলকে এবার তৈরী হওয়ার বার্তা দেন তিনি। দিলীপবাবু দাবি, আসলে আমফানের ক্ষতিপূরণের টাকা সরিয়ে নির্বাচনী তলবিল গড়তে ইঙ্গিত করেছেন মমতা।

তবে ক্ষতিপূরণের টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ যে একেবারে অমূলক নয় তার প্রমাণ ইতিমধ্যেই হাতেনাতে মিলতে শুরু করেছে। আমফানে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের রাজ্য সরকার ২০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল। অভিযোগ, গাঁয়ে-গঞ্জে সেই ক্ষতিপূরণ পাচ্ছেন তৃণমূল নেতা ও ঘনিষ্ঠরা। যারা আবার পাকা বাড়ির মালিক। এদের কারও বাড়িতে ঝড়ে একটা আঁচড়ও লাগেনি বলে দাবি বিরোধীদের।

আরও অন্যান্য খবর