আধারে বিশ্বাস করেন না মমতা, কিন্তু ট্যাবের টাকার দুর্নীতি রুখতে আধার কার্ডকেই হাতিয়ার করল মমতা সরকার, বিরোধিতা শুধুই লোক দেখানো?

আধারের বিরোধিতা নিয়ে এর আগে অনেকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আধারে যে বিশ্বাস করেন না, তাও ফলাও করে বলেছেন বারবার। কিন্তু এবার রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকার দুর্নীতি রুখতে সেই আধার কার্ডকেই সঙ্গী করল মমতা সরকার।

নানান স্কুলগুলিকে রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকা বণ্টন নিয়ে উঠেছে নানান অভিযোগ। কোনও কোনও স্কুলের পড়ুয়ারা ট্যাবের টাকা পাচ্ছে না, তো আবার কোনও কোনও স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের জন্য ঢুকছে দ্বিগুণ টাকা। সেই দুর্নীতি ঠেকাতেই একাধিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে রাজ্য সরকার।

গতকাল, সোমবার নবান্নে এই ট্যাবের টাকার নয়ছয় বিষয়টি নিয়ে পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকেই ট্যাবের টাকার গোলমাল হওয়ার জেরে বড় এক সিদ্ধান্ত নেওয়া হল নবান্নের তরফে। জানানো হয়েছে, এবার থেকে শুধুমাত্র আধার কার্ডের সঙ্গে যুক্ত ভেরিফায়েড ব্যাঙ্ক অ্যাকাউন্টেই যাবে ট্যাবের টাকা।

শুধু তাই-ই নয়, কীভাবে সরকারি পোর্টালের পাসওয়ার্ড লিক হল, তাও তদন্তের নির্দেশ দেন মুখ্যসচিব। নানান সরকারি অফিসের ডেটা এন্ট্রি অপারেটরদের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মাধ্যমেই কোনওভাবে পোর্টালের পাসওয়ার্ড ফাঁস হয়েছে বলে অনুমান। চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের কাছে সরকারি পোর্টালের পাসওয়ার্ড কীভাবে গেল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।   

এই ট্যাবের টাকার দুর্নীতি নিয়ে তৎপর হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই ঘটনায় ধরপাকড় শুরু করেছে পুলিশ। এই দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্যেই মালদহ তজেকে এক যুবক ও উত্তর দিনাজপুর থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের জেরা করলেই এই দুর্নীতির মূল মাথার পর্যন্ত পৌঁছনো যাবে বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুনঃ তৃণমূল নয়, এবার পুর নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল পদ্ম শিবিরের, সিবিআইয়ের নজরে বিজেপি বিধায়ক, চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ দফতরে

তবে এদিকে আবার দুর্নীতি রুখতে আধারকেই হাতিয়ার করা হয়েছে একথা জানাজানি হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে এসেছে প্রশ্ন। লোকসভা নির্বাচনের আগে আধার কার্ড বাতিল বিতর্কে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি আধারে বিশ্বাস করেন না। তাহলে এবার প্রশ্ন উঠেছে, আধারের বিরোধিতা করা কী শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই? তা না হলে বিপদে পড়তেই কেন আধারকেই শিখণ্ডী করা হল!

আরও অন্যান্য খবর