পুর নিয়োগ দুর্নীতি নিয়ে জোরদার তদন্ত চালাচ্ছে সিবিআই। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে বিজেপি বিধায়ক। তাঁর বাড়ি তল্লাশি করা হয়েছে। চলতি সপ্তাহেই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
বিগত কয়েকমাস ধরেই পুর নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য। তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের একাধিক পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে বলে অভিযোগ। এর জেরে নানান পুরসভায় দফায় দফায় তল্লাশি চালানো হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর নথি। তা থেকেই এই দুর্নীতিতে নাম জড়িয়েছে রাণাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের।
জানা গিয়েছে, সেই সূত্র ধরেই বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। বিধায়কের বাড়ি ঘিরে ফেলেছিলেন জওয়ানরা। ঘরের ভিতরে চলে তল্লাশি। এবার সেই বিধায়ককেই সিবিআই দফতরে তলব করা হল। আগামী শুক্রবার সকালে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। বলে রাখি, কিছুদিন আগেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন রানাঘাট পুরসভার এক্সজিকিউটিভ অফিসার।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়েই পুরসভায় নিয়োগ দুর্নীতির বিষয়টি ধরা পড়ে। এই দুর্নীতিতে অনেকদিন আগেই গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকে। তাকে জেরা করে, তার বাড়ি, অফিসে অভিযান চালিয়ে নানান তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অয়ন শীলের সঙ্গে জড়িত নানান ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিমান বসু, হঠাৎ কী হল ৮৪ বছরের বর্ষীয়ান সিপিএম নেতার?
এবার এই দুর্নীতিতে উঠে এল বিজেপি বিধায়কের নাম। এর আগে নানান দুর্নীতিতে তৃণমূল নেতাদের নাম জড়ানোয় বিজেপি বারবার কটাক্ষ করেছে শাসক দলকে। এবার নিজেদের দলের বিধায়কের পুর নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় পদ্ম শিবিরের কী প্রতিক্রিয়া হয়, সেটাই দেখার!





