পরের বছর ১০ দিন আগেই শুরু হয়ে যাবে দুর্গোৎসব, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

দীর্ঘ অপেক্ষার পর ইউনেস্কোর তরফে দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। কার এই আনন্দে আগামী বছর অর্থাৎ ২০২২ সালে দুর্গাপুজোর ১০ দিন আগে থেকেই শুরু হয়ে যাবে উৎসব পালন। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত মঙ্গলবারই প্রকাশ পেয়েছে পুরভোটের ফলাফল। ১৪৪টির মধ্যে ১৩৪টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল। আজ, বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে কলকাতা পুরসভার মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদে কারা কারা থাকবেন, তা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ওঠে দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ তকমা দেওয়ার প্রসঙ্গও। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে আগামী বছর দশদিন আগে থেকেই পালন হবে দুর্গোৎসব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “কলকাতাই সেরা। সেরার সেরা হতে হবে কলকাতাকে। হেরিটেজের জন্য আমরা সেলিব্রেশন করব। আগামী বছর দুর্গাপুজোর ১০ দিন আগে থেকে শুরু হবে সেলিব্রেশন”।

তবে ঠিক কীভাবে উদযাপন করা হবে, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, চলতি মাসেই কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া দিয়েছে ইউনেস্কো। ইউনেস্কোর তরফে টুইটারে লেখা হয়, “মানবসভ্যতার অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় এবার কলকাতার দুর্গাপুজো”।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হেরিটেজ তকমা পাওয়ায় গতকাল, বুধবার কলকাতায় এক উৎসবের আমেজে ভাসে বাঙালি। আনন্দ ভাগ করে নিতে রাস্তায় নামেন দুর্গাপুজোপ্রেমীরা। এদিন কারোর হাতে দেখা গেল ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে প্ল্যাকার্ড তো আবার কারোর হাতে ছিল দুর্গাপূজোর চালচিত্র।

এমন মিছিল শহর কলকাতা এর আগে কখনও দেখেনি। এই উদযাপন সমাপ্ত হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। আর এবার হেরিটেজ তকমা পাওয়ার জন্য বাড়ানো হচ্ছে দুর্গোৎসবের সময়সীমাও। এমনিতেই মোটামুটি মহালয়ার দিন থেকেই কলকাতায় দুর্গাপুজো শুরু হয়ে যায় বলাই ভালো।

RELATED Articles