‘আমরা ক্ষমতায় থাকলে অনেক আগেই অমিতাভকে ভারতরত্ন দিতাম’, ‘জলসা’ থেকে বেরিয়ে বললেন মমতা

রাখি পূর্ণিমার দিন অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা করেন বচ্চন পরিবারের সঙ্গে। রাখি পরান বিগ বি-কে। এদিন সেখান থেকে বেরিয়ে অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবী জানান তিনি। তিনি আরও বলেন, তারা যদি ক্ষমতায় থাকত, তাহলে অনেক আগেই অমিতাভকে ভারতরত্ন দিতেন।

বৃহস্পতি ও শুক্রবার মুম্বইয়ে দেশের প্রধান বিরোধী জোটের তৃতীয় বৈঠক রয়েছে। সেখানে যোগ দিতেই গতকাল, বুধবার রাখিপূর্ণিমার দিন মুম্বই যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে দেখা করবেন দিদি। অমিতাভকে রাখিও পরাবেন এমনই ঠিক ছিল। পূর্ব পরিকল্পনা মতোই বুধবার বিকেলের মধ্যে বলিউড শাহেনশার বাড়ি ‘জলসা’তে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী। এরপর তাঁর পরিবারের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটান। বর্ষীয়ান অভিনেতাকে রাখিও পরান মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘণ্টাখানেক সেখানে কাটিয়ে অমিতাভের বাড়ি থেকে বেরিয়ে যান মমতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা যদি ক্ষমতায় থাকতাম অনেক আগেই অমিতাভকে ভারতরত্ন দিতাম। উনি দেশের রত্ন। তিনি এই সম্মান পাওয়ার যোগ্য দাবিদার”। তিনি আরও জানান, অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারকে পুজোর সময় কলকাতাতেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এদিন ‘জলসা’য় পৌঁছনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান বচ্চন পরিবার। অমিতাভ ও জয়া তো বটেই, সেখানে ছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন, শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দা। বাড়ির বাইরে বেরিয়ে তাদের সঙ্গে ছবিও তোলেন মমতা। এরপর বাইরে বেরিয়েই সংবাদমাধ্যমের সামনে অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবী জানান।

RELATED Articles