BREAKING: ‘রবিবারের মধ্যে পুলিশ এই কেসের কিনারা না করতে পারলে সিবিআইকে দিয়ে দেব’, আর জি করের তরুণী চিকিৎসকের বাড়ি গিয়ে বললেন মমতা

আর জি করের ঘটনা নিয়ে উত্তেজনা উত্তরোত্তর বেড়েই চলেছে। আজ, সোমবার দুপুর ১টা নাগাদ মৃতা তরুণী চিকিৎসকের বাড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা বলেন তরুণীর মা-বাবার সঙ্গে। এরপর বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, পুলিশ যদি এই ঘটনার কিনারা রবিবারের মধ্যে না করতে পার, তাহলে এই কেসের তদন্তভার সিবিআইকে দিয়ে দেবেন তিনি।  

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশ ছিল, সবাই ছিল। তারপরও কী করে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না”। মুখ্যমন্ত্রীর কথায়, ভিতরের কেউ আছে বলেই সন্দেহ নির্যাতিতার বাবা-মায়ের। তদন্তের কিনারা করার জন্য পুলিশকে সময়ও বেঁধে দিয়েছেন তিনি। মমতা এদিন এও বলেন, “মনে হচ্ছে ভিতরের কেউ রয়েছে। সেই কারণে ভালোভাবে যাতে তদন্ত হয়, সেটাই নজরে রয়েছে”।

এদিন মমতা বলেন, “কলকাতার সেরা পুলিশ অফিসাররা ঘটনার তদন্ত করছে। তবে রবিবারের মধ্যে পুলিশ ঘটনার কিনারা না করতে পারলে পাবলিক স্যাটিসফেকশনের জন্য আমার সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেব”। তিনি এও জানান, এসিপি থেকে শুরু করে এমএসভিপি-কে সরানো হয়েছে এই কেস থেকে। এবার পুলিশকেও সময় বেঁধে দিলেন তিনি।  

এর আগে শনিবার এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং চরম ঘৃণ্য। এটা আমার কাছে ব্যক্তিগত ক্ষতির মতো। এই পরিস্থিতিতে চিকিৎসকদের ক্ষোভ ও দাবি ন্যায্য। আমি তাঁদের প্রতিবাদ সমর্থন করি। পুলিশও তাঁদের দাবি মেনে নিয়েছে। ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমরা নিশ্চিত করছি, যে প্রতিবাদকারী চিকিৎসকদের যেন কোনও ধরনের সমস্যা না হয়”।

মমতার কথায়, “আমি মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে নেওয়ার নির্দেশ দিয়েছি। যদিও আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই, তবে এক্ষেত্রে প্রয়োজনে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হবে। তাদের কঠোরতম শাস্তি পাওয়া উচিত”।

RELATED Articles