‘আমাকে ফোন করে সাহায্য চান, আমি মাদার টেরেজার জমি ফিরিয়ে দিয়েছিলাম’, সংগ্রামের ইতিহাস মমতার মুখে

গতকাল, মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। এদিন এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই রাজ্যের সম্প্রীতি নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই-ই নয়, নিজের অতীতের লড়াই সংগ্রাম নিয়েও কথা বলেন তিনি। এদিন তাঁর এই বক্তৃতায় উঠে আসে মাদার টেরেজার প্রসঙ্গ। তিনি জানান, মাদার একবার তাঁর কাছে সাহায্য চেয়ে ফোন করেছিলেন। আর তিনিও সাহায্য করেছিলেন মাদার টেরেজাকে।

কী বলেব এদিন মমতা বন্দ্যোপাধ্যায়?

এদিন বিশ্ব বাণিজ্য সম্মেলন মঞ্চে মাদার টেরেজার প্রসঙ্গ তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমি ভাটিকান গিয়েছিলাম। সেই সময় মাদার টেরিজ়াকে সেন্ট টেরিজা সম্মান দেওয়া হয়েছিল। তখন আমি অনেকটাই ছোট ছিলাম”।

এরপর মমতা বলেন, “আমার মনে আছে একদিন রাত্রি ১১টার সময় মাদার আমায় ফোন করেন। সেই সময় আমাদের সরকার ছিল না। আমি শুধু সাংসদ ছিলাম। উনি জিজ্ঞাসা করেন মমতা তুমি আমায় সাহায্য করতে পারবে? আমি বলি অবশ্যই”।

মমতা জানান যে মাদার টেরেজা তাঁকে ফোন করে বলেছিলেন যে তৎকালীন ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের কিছু নেতা ও গুণ্ডারা তাঁর জমি দখল করেছে। মমতা জানান, “আমায় মাদার অনুরোধ করেছিলেন মমতা তুমি কি বাঁচাতে পারো এই বিপদ থেকে? আমি বলি অবশ্যই”। মুখ্যমন্ত্রী জানান, তিনি সেই সময় লড়াই করে মাদার টেরিজ়ার হারিয়ে যাওয়া জমি ফের তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন।

কী বক্তব্য সিপিএমের?

মমতার এই দাবীর প্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এটা তো নতুন আবিষ্কার। এত বছর ধরে মনে পড়েনি, আজকে মনে পড়ে গেল কেন? খুবই বিপদে পড়ে গিয়েছেন? এর আগে এমন অনেক সাজানো কথা বলেছেন। এবারে একদম মাদার টেরিজ়ার নামটা না বললে চলছিল না? বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে”।

RELATED Articles