নভেম্বর মাস পড়তেই শীতের আমেজ শুরু হয়েছে রাজ্যে। বাতাসে লেগেছে হিমেল হাওয়ার পরশ। সকাল-সন্ধ্যায় শীতের শিরশিরানি রয়েছে ভরপুর। আজ, বুধবার এখনও পর্যন্ত এটিই মরশুমের শীতলতম দিন। আজ কলকাতার তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস।
কবে বেশ জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে বেশ জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবে বঙ্গবাসী। তবে পাকাপাকিভাবে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না বাংলায়। তবে ঠাণ্ডার অনুভূতি ভালোই থাকবে। নিম্নচাপের বাধা কাটিয়ে সবে শীত পড়তে শুরু করেছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামবে। আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা থাকবে ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যেই ২০ ডিগ্রির নিচে রয়েছে। আগামী কয়েকদিনে ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে তাপমাত্রা। ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গেও শীতের আমেজ ক্রমশ বাড়বে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর সঙ্গে একটি অক্ষরেখাও রয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাডু উপকূল এলাকায় একটি ঘূর্ণাবর্ত আর অন্যটি কোমোরিন এলাকায়। এর প্রভাবে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকার বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।





