গতকাল, রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রাথমিক পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বহিষ্কৃত তৃণমূল ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে। আজ, সোমবার এই নিয়ে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বলেন, “আলিয়ায় একটা অংশ ছেলেমেয়ে পড়াশোনা কজ্রে। তারা সবাই ভালো। তবে কয়েকজন রয়েছে, তাদের ক্ষোভ আছে। যে একটু কটু, খারাপ কথা বলেছে, তাকে পুলিশ গ্রেফতার করেছে। আমাদের এখানে পুলিশ অ্যাকশন নেয়”।
এদিন নবান্নে বগটুইয়ের ঘটনায় মৃতদের পরিজনদের হাতে চাকরির চিঠি তুলে দেন মমতা। এরপর সাংবাদিক সম্মেলনে আলিয়া নিয়ে প্রশ্ন উথলে বেশ খানিকটা বিরক্তই হন তিনি। সাংবাদিকদের বলেন, “ভাই আপনার কি এটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে”? তবে এরপরই তাঁর মন্তব্য, “পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে”।
তবে বিরোধীদের দাবী, পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেনি। ভাইরাল হওয়া অডিও ক্লিপ থেকে স্পষ্ট যে তৃণমূলের প্রভাবশালী নেতাদের মদতেই টেকনো সিটি পুলিশকে কার্যত দমিয়ে রেখে আলিয়া বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালায় গিয়াসউদ্দিন। এরপর শনিবার সন্ধ্যায় যখন ভিডিও সামনে আসে, তখন নড়েচড়ে বসে পুলিশ।
এদিন আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে গিয়ে বিশ্বভারতীর প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম না নিয়েই তিনি বলেন, “বিশ্বভারতীতে যা করছেন ভদ্রলোক। দেখুন গিয়ে ওখানে কী হচ্ছে। ওখানে ভিসি যা করেছেন, তার জন্য কী তিনি গ্রেফতার হয়েছেন”।






