‘বিজেপি তো বোকা, সিপিএম দেয় ধোঁকা আর কংগ্রেস ওদের পোকা’, তিন বিরোধী দলকে একসারিতে বসিয়ে কটাক্ষ মমতার

এর আগেও বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে একই সারিতে বসিয়ে তোপ দেগেছেন তিনি। বলেছিলেন ‘জগাই-মাধাই-গদাই’। এবারও কিছুটা তেমনই হল। তবে আক্রমণের ঝাঁঝ যেন আরও বেশি। আজ, সোমবার সাংবাদিক সম্মেলনে তিন বিরোধী শিবিরকে শানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “বিজেপি তো বোকা। সিপিএম আপনাদের দেয় ধোঁকা আর কংগ্রেস তো ওদের পোকা”।

পশ্চিমবঙ্গের একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই তিন বিরোধী দলকে বারবার আক্রমণ করে এসেছেন মুখ্যমন্ত্রী। এই তিন দল নাকি তলায় তলায় একজোট হচ্ছে, এমনটাই মত তাঁর। মমতার কথায়, এই তিন দলের লক্ষ্য হল তৃণমূলের তথা রাজ্যের ক্ষতি করা।

এদিন মমতা বলেন, “খালি মমতার শাড়িতে কালি ছেটানোর পরিকল্পনা! কিন্তু মনে রাখবেন আমার শাড়িতে কালি ছেটালে আমিও কিন্তু মোবিল ঢালতে জানি। নিজেরা মেরে, মৃতদেহ নিয়ে নবান্ন অভিযানের পরিকল্পনা বন্ধ করুন। খালি কুৎসা আর ষড়যন্ত্র”।

এদিনের এই সাংবাদিক সম্মেলনে জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে শুরু করে পিএফের সুদ কমানো, এমন নানান বিষয় নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ। তাঁর কথায়, “আমি আমার দেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করতে চাই না। তবে বিজেপির উচিৎ এই পরিস্থিতিতে সব দলের সঙ্গে কথা বলা”।

মুখ্যমন্ত্রীর সংযোজন, “বিজেপি তো যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। ওরা তো বোকা”।  দ্রব্যমূল্য নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দেগে মমতা বলেন, “রোজ জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের কোনও হুঁশ নেই”।

এদিন জিএসটি থেকে রাজ্যের বকেয়া প্রাপ্য নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “বহু রাজ্যকে জিএসটির প্রাপ্য বকেয়া দিচ্ছে না কেন্দ্র। এ নিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আমাকে চিঠি দিয়েছেন। আমিও তো কেন্দ্রকে লিখেছিলাম”।

RELATED Articles