‘বলেছিলাম কলকাতাকে লন্ডন বানিয়ে দেব, তার থেকেও আরও ভালো করেছি’, দাবী মমতার

ক্ষমতায় এলে কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন, এমনই নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই প্রতিশ্রুতি নিয়ে আজও তাঁকে নানান খোঁচা দেন বিরোধীরা। তাদের কথায়, মমতার সেই প্রতিশ্রুতির ধারেকাছেও নেই কলকাতা। তবে এবার মুখ্যমন্ত্রী নিজেই দাবী করলেন যে তিনি কলকাতাকে লন্ডনের থেকেও ভালো বানিয়ে দেখিয়ে দিয়েছেন।

গতকাল, বৃহস্পতিবার রেড রোডের ধর্নামঞ্চ থেকে নিজের কথার সপক্ষে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বলেছিলাম কলকাতাকে লন্ডন করব, তার থেকেও ভাল করেছি। লন্ডনে একটা হাইড পার্ক ও কয়েকটি চিপসের দোকান রয়েছে। আমি নিজে হেঁটে দেখে এসেছি। আর আমাদের ইকো ট্যুরিজম পার্কটি গিয়ে দেখে আসুন”।

শুধুমাত্র লন্ডনের সঙ্গে তুলনাই নয়, এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারেরও ভূয়সী প্রশংসা করেন মমতা। সেই প্রসঙ্গে বাম ও কংগ্রেস আমলকে টানেন। আক্রমণ করেন বিজেপিকেও। বলেন, “ওঁরা তো বিমান কেনা ও পার্লামেন্টের নামে বাড়ির ভিতর পর্যন্ত সুড়ঙ্গ বানায়”।

এরপরই নিজের আক্রমণের ঝাঁঝ শানান কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। মমতা বলেন, এ“রাজ্যের প্রাপ্য টাকা জিএসটি-র মাধ্যমে কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে। রাজ্যের প্রাপ্য কেন্দ্র দিচ্ছে না। আমি নিজে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন জানিয়েছি। আমাদের সাংসদরা গিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন”।

এখানেই শেষ নয়, এদিন গ্রাম সড়ক যোজনার কথাও মমতা তোলেন ধর্না মঞ্চ থেকে। তিনি বলেন, “গ্রামের সড়ক যোজনায় চারবার প্রথম হওয়ারও পর টাকা বন্ধ। বাংলা আবাস যোজনায় অনুমোদন হয়ে যাওয়ার পরেও টাকা দেয়নি”। এর পাশাপাশি মমতা আরও অভিযোগ করেন যে নির্বাচনের সময় এসে ‘বড় বড় কথা’ বলে যান শুধু কেন্দ্রীয় নেতারা।

এদিন ধর্না মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগও আনেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি স্পষ্ট বলেছিলাম, একদিকে যেমন অন্নপূর্ণা পুজো চলছে তেমনই অন্য দিকে রোজা চলছে। তাঁদের পরিবার রমজান করে, উপবাস করে। বারবার বারণ করেছিলাম”।

আরও অন্যান্য খবর