‘কোনও বন্‌ধ হবে না পাহাড়ে, বঙ্গভঙ্গ যারা চান, তাদেরই মোহভঙ্গ হবে’, গোর্খাল্যান্ডবাসীদের বন্‌ধের বিরোধিতা করে গর্জে উঠলেন মমতা

বকেয়া ডিএ-র (Due DA) দাবী জানিয়ে কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। অন্যদিকে আবার পৃথক গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবী জানিয়ে পাহাড়ে আমরণ অনশনের শুরু হয়েছে। আজ, মঙ্গলবার শিলিগুড়ির অনুষ্ঠান থেকে বঙ্গভঙ্গের ও বন্‌ধের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, “কেউ যদি মনে করে, বন্‌ধ করে ক্ষমতা দেখাবে, তাহলে আমি পরিস্কার বলে যাচ্ছি, কোনও বন্‌ধ হবে না”। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, “কোনও বঙ্গভঙ্গ হবে না। যারা ভঙ্গের চেষ্টা করবে তাঁদের মোহভঙ্গ হবে। অশান্তি আমি হতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ”।

মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন গোর্খাল্যান্ডবাসীরা ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছে। তবে নানান জরুরি পরিষেবা, স্কুলবাস, শিক্ষা প্রতিষ্ঠানকে ছাড় দিয়েছে তারা। কিন্তু পরীক্ষার্থীদের আশঙ্কা তাও কাটে নি।এম্ন পরিস্থিতিতে এবার এই বনধের বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার এই বন্‌ধকে সমর্থন করে না বলেই সাফ জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, “কেউ-কেউ মনে করে, বছরে একবার বন্‌ধ করতে হবে। নির্বাচনের জন্য। আমরা কোনও বন্‌ধ করতে দিই না। বাংলা থেকে বন্‌ধ উঠে গিয়েছে। মনে রাখবেন, বাংলাকে খোলা রাখতে হবে। তবেই কর্মসংস্থান হবে, উন্নয়ন হবে”। এরপরই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “কেউ যদি পরীক্ষা দিতে না পারে সেই দায়িত্ব কে নেবেন”?

বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হয়েছে। এর বিরোধিতায় পাহাড়ের রাজনৈতিক দলগুলি সরব হয়েছে। বিজেপি তাদের ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ। বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে মমতার স্পষ্ট বার্তা, “পাহাড়ে মাঝেমধ্যে কেউ কেউ জাগে। উন্নয়নের জন্য জাগে না। বন্ধের জন্য় জাগে। কোনও বঙ্গভঙ্গ হবে না”।

পড়ুয়াদের কথা মাথায় রেখে এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, “২৩ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। কেউ যদি বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করেন, আইন মেনে করবেন। কেউ আইন নিজের হাতে নিলে, সে যেই করুক না কেন, প্রশাসন ব্যবস্থা নেবে”।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এও দাবী করেন যে যে পাহাড়ের বঞ্চনা নিয়ে ‘কুৎসা’ করা হচ্ছে। তাঁর প্রশ্ন, “কী হয়নি পাহাড়ে? কোন উন্নয়ন বাকি আছে? কেউ কেউ বলেন, পাহাড়ে কিচ্ছু হয়নি। সবটাই কুৎসা”। বার্তা দিয়ে মমতা বলেন, “দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ আলাদা নয়, একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ”।

RELATED Articles