রাজনৈতিক সংঘাত অব্যাহত, এর মধ্যেই সৌজন্যতা মমতার, ডালি ভরে মোদীকে বাংলার আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী

রাজনৈতিক সংঘাত তো বজায় রয়েছেই। দু’পক্ষের মধ্যে একে অপরকে শানানো, আক্রমণ, তোপ সবই চলছে নিজের গতিতেই। তবে এসবের মধ্যেই রাজনৈতিক সৌজন্যতা কিন্তু ভুললেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডালি ভরে আম উপহার পাঠালেন মমতা। শুধুমাত্র প্রধানমন্ত্রীই নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও আম পাঠিয়েছেন তিনি।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পাশাপাশি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও বাংলার আম উপহার হিসেবে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, হিমসাগর, লক্ষ্মণভোগ, ল্যাংড়া ও ফজলি আমের ডালি সুন্দরভাবে বাক্সবন্দি করে পাঠানো হয়েছে দিল্লিতে। এই রেওয়াজ অবশ্য নতুন কিছু নয়। প্রতি বছরই বাংলার আম পাঠানো হয় দিল্লির প্রধানমন্ত্রীর দফতরে। গত ১২ বছর ধরে এই প্রথা চালিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক সংঘাত, পার্থক্য তো চলতে থাকবেই, তবে গ্রীষ্মের মরশুমে বাংলা থেকে আম উপহার হিসেবে পাঠাতে কোনওবার ভোলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। থাকুক না রাজনৈতিক মতপার্থক্য, কিন্তু তা মধ্যেও সৌজন্যতা দেখিয়ে প্রধানমন্ত্রীর দফতরে বাংলার আম পাঠালেন মমতা। গত বছরও জুন মাসে সুন্দর সুন্দর আমের ডালি উপহার দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীকে। এবারেও তেমনটাই হল।

তবে অন্যান্য বারের চেয়ে এবারের রাজনৈতিক পরিস্থিতি আলাদা। একশো দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত এখন তুঙ্গে। এরই মাঝে ওড়িশার রেল দুর্ঘটনা নিয়েও কেন্দ্র ও রাজ্যের মধ্যে তীব্র তরজা চলছে। আবার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, রাজ্যের নানান নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিজেপি-তৃণমূল তরজাও চরমে। কেন্দ্রের সরকার তথা প্রধানমন্ত্রীকে নিত্যদিন রাজনৈতিকভাবে আক্রমণও করে চলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এসব তরজার মধ্যেও দেখা গেল আম-সৌজন‌্য।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আবার পরের বছরই রয়েছে লোকসভা নির্বাচনও। বিজেপি বিরোধী দলগুলিকে একযোগ করার চেষ্টায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা কম নয়। এমন আবহে বাংলা থেকে প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠানো যে বেশ তাৎপর্যপূর্ণ, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

RELATED Articles