দোকানে ঢুকে নিজের হাতেই চপ ভাজলেন আবার সকলকে দিলেনও, আধঘণ্টার মধ্যে ১০০-র বেশি চপ বিক্রি করলেন মমতা

সামনেই পঞ্চায়েত নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে নানান প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাদ নেই শাসক দলও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্বাচনের জন্য প্রচার শুরু করেছেন। বেলপাহাড়ীতে জনসংযোগ করতে যান মুখ্যমন্ত্রী।

পাহাড়-জঙ্গলে ঘেরা গ্রামের এক দোকানে আধঘণ্টায় ১০০-র চপ বিক্রি করে ফেললেন মমতা। বেলপাহাড়ীতে সভা করে ফেরার সময় মাগুড়া গ্রামে পথের পাশে চপের দোকান দেখে গাড়ি থেকে নেমে পড়েন মমতা। দোকানটি বুদ্ধদেব মাহাতোর।

খোদ মুখ্যমন্ত্রী দোকানে ঢুকেছেন। বুদ্ধদেবের দোকানের সামনে তখন ভিড় জমে উঠেছে। এত ক্রেতাকে একা হাত সামলাতে হিমশিম খাচ্ছেন বুদ্ধদেব। স্বভাবসুলভভাবেই দোকানির পাশে দাঁড়িয়ে চপ ভাজাতে সাহায্য করেন মমতা। চপ বিক্রিতেও হাত লাগান।

সকলকে রীতিমতো ডেকে পাতায় পাতায় চপ তুলে দিতে থাকেন মুখ্যমন্ত্রী। বাদ যান নি সেখানে উপস্থিত থাকা সাংবাদিকরাও। মাত্র আধঘণ্টার মধ্যে একশোরও বেশি চপ বিক্রি হয়ে যায় বুদ্ধদেব মাহাতোর দোকানে।

এর আগেও অনেকবার কর্মসংস্থানে দিশা দেখাতে বেকার যুবকদের চপ তৈরি করে বিক্রির পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরজন্য বিরোধীদের তোপের মুখেও পড়েছেন। তবে আজ, মঙ্গলবার নিজে হাতে চপ বিক্রি করে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন যে তিনি যা বিশ্বাস করেন সেটাই বলেন ও করে দেখান।

মুখ্যমন্ত্রীর এভাবে তাঁর দোকানে ঢুকে পড়া ও চপ বিক্রি করা দেখে বেশ হতভম্বই হয়ে যান বুদ্ধদেব নিজেও। বেশ কিছুক্ষণ একটা ঘোরের মধ্যেই ছিলেন তিনি। অনেক অভাব-অভিযোগ তাঁর ছিল বটে, কিন্তু ঘটনার আকস্মিতায় কিছুই আর বলা হয়ে উঠল না তাঁর।

RELATED Articles