বেশি বাড়াবাড়ি করছে বলে বিরোধী দলকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী! আমফানের ক্ষতিপূরণে শাসকদলের আর্থিক দুর্নীতির প্রতিবাদ করায় ফের একবার মুখ্যমন্ত্রীর রোষানলে পড়ল বিরোধী দল বিজেপি। বুধবার নবান্নে নাম না করে বিজেপিকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেশি বাড়াবাড়ি করছে’। সমালোচনা করেন সংবাদমাধ্যমের একাংশেরও।
মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘আমফানের ত্রাণের ৯৯ শতাংশ মানুষ ক্ষতিপূরণ পেয়েছেন। বাকিটা জেলাশাসকদের ফিরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু কোনও কোনও রাজনৈতিক দল বেশি বাড়াবাড়ি করছে। মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম।‘
নবান্নে বসে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভাষণ নতুন কিছু নয়। পাশে আমলারা থাকেন বলে হয়ত বিরোধী দলের নাম নেন না। কিন্তু তাঁর ইঙ্গিত কার দিকে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, দুর্নীতিগ্রস্তদের দল থেকে বার করে দিতে বলেছি। তার পরও এরা থামছে না।
বিরোধীদের অবশ্য দাবি, মুখ্যমন্ত্রীর শাস্তির নির্দেশ নিছকই আই ওয়াশ। দল থেকে খাতায় কলমে বহিষ্কৃত হলেও তৃণমূলের হয়ে গোপনে কাজ করবেনই ওই বহিষ্কৃত নেতারা। ভোটে তৃণমূল জিতলে ফিরে পাবেন পদও। এর নজিরও রয়েছে বলে দাবি করেছেন তাঁরা।





