করোনা রোধে নতুন দিশা দেখাচ্ছে আইআইটি দিল্লি। করোনা টেস্ট করতে দেশের সব জায়গাতেই খরচ হচ্ছে বেশ কয়েক হাজার টাকা। যা মধ্যবিত্ত, নিম্নবিত্তদের পক্ষে যথেষ্টই ব্যয়বহুল। তবে এবার সেই সমস্যার সমাধানসূত্র বার করল আইআইটি দিল্লি। তাঁরা তৈরি করেছে এমন এক করোনা টেস্ট কিট, যা একেবারেই ব্যয়সাপেক্ষ নয়। অত্যন্ত কম খরচে করোনা টেস্ট কিট তৈরি করেছেন দিল্লির আইআইটি কলেজের পড়ুয়ারা। করোনা আক্রান্ত রোগী শনাক্তকরণের ক্ষেত্রে বিকল্প পথ হিসেবে এই টেস্ট কিট যথেষ্ট সাহায্য করবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। এমনটাই মত আইআইটি দিল্লির ডিরেক্টরের। পাশাপাশি এই প্রথম কোনও শিক্ষা প্রতিষ্ঠান করোনার টেস্টিং কিট তৈরি করল।
এই কিটটি বাজারে আত্মপ্রকাশ করবে নিউটেক মেডিকেল ডিভাইসের হাত ধরে। বুধবার বিশেষ করোনা কিট ‘করসিওর’-র উদ্বোধন করলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী রমেশ পোখরিয়াল। উপস্থিত ছিলেন মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জয় ধোতরে। ইতিমধ্যেই আইসিএমআরের তরফে এই কিটটিকে ব্যবহারের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে।
আইআইটি দিল্লির তরফে জানানো হয়েছে, নিউটেক মেডিকেল ডিভাইস মারফত মাসে ২ মিলিয়ন মানুষের কোভিড টেস্ট করা যাবে। আরটি-পিসিআর পদ্ধতিতে মাত্র ৩ ঘণ্টায় কোভিড-১৯ পরীক্ষা করা যাবে। খরচ পড়বে ৬৫০ টাকার মধ্যে। যা বিশ্বে এখনও পর্যন্ত সবচেয়ে কম।





