সোমবার বিকেলে কলকাতায় উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইন্ডিয়া ক্লাব, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব এবং ভেনাস ক্লাবের কালীপুজোর এদিন উদ্বোধন করেন তিনি। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই বাংলা ও বাঙালিকে নিয়ে নানা মন্তব্য করেন তিনি।
এদিন জানবাজারে উদ্বোধনে এসে এদিন কলকাতা তথা রাজ্যের গুরুত্ব নিয়ে কথা বলেন তিনি। রানি রাসমনির প্রসঙ্গ তুলে এদিন জানবাজারের ইতিহাস নিয়েও কথা বলেন। এরপরই বলেন, “কেউ কেউ বাংলার বদনাম করছে। তাদের বলব বাংলাটাকে নিজের ভাবুন। আজও বাংলা যা পারে তা কেউ পারে না”। তাঁর এই কথার মাধ্যমে যে তিনি বিরোধীদেরই আক্রমণ শানালেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
মমতা আরও বলেন, “কলকাতা নিয়ে আমরা গর্ববোধ করি। বাংলার বেশিরভাগ জায়গাই গর্ব করার মতো। কিন্তু কেউ কেউ এটা নিয়ে আবার রাজনীতি করে। তখন ছন্দপতন ঘটে। আমি আবেদন করব বাংলায় যারা থাকবেন তাঁরা বাংলাটাকেই নিজের ভাববেন।
মুখ্যমন্ত্রীর কথায়, “আজ বাংলা এগিয়ে গেছে। কলকাতা অনেক এগিয়ে গেছে। আমি বলব আমাকে বদনাম করতে গিয়ে বাংলাকে বদনাম করবেন না। বাংলা মাকে বদনাম করবেন না। স্বাধীনতা আন্দোলন বাংলা ছাড়া হত না। নব জাগরণ বাংলা ছাড়া হত না। শান্তিপ্রিয় জায়গা ছিল এই বাংলা। নেতাজি, রবীন্দ্রনাথ, গান্ধীজির প্রিয় জায়গা ছিল এই বাংলা। তাঁরাই আমাদের দিশা”।
আরও পড়ুনঃ ‘আর জি করের ডাক্তার বোনকে মারার ঘটনায় যদি কেউ দায়ী হন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ই’, সরাসরি মমতাকে আক্রমণ শুভেন্দুর
এদিন সচেতনতার বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী। আলোর উৎসবের কারণে যাতে অন্যের কোনও ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখার কথা বলেন তিনি। পরিবেশবান্ধব বাজিও সাবধানে ফাটানোর কথা বলেন। শব্দদূষণ তো বটেই, এরই সঙ্গে মানসিক দূষণ থেকেও যাতে সকলে বিরত থাকে, সেই বার্তাও দেন তিনি।





