‘মার্কসবাস-লেনিনবাদের ব্যাখ্যা দিয়ে মহিলার উপর অত্যাচার চাপা দেওয়া যাবে না’, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে কটাক্ষ মদনের

তরুণী সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে এবার বামনেতাকে তুমুল কটাক্ষবাণে বিঁধলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, লেনিনবাদ বা মার্কসবাদের কথা বলে কোনও মহিলার উপর অত্যাচার করে তা চেপে দেওয়া যাবে না।

বলে রাখি, গত রবিবার এক তরুণী সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় দাবী করেন তিনি সেদিন সকালে তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গেলে তাঁকে চরম লাঞ্ছনার শিকার হতে হয়। তিনি অভিযোগ করেন, সিপিএম নেতা তাঁর কোলে বসে পড়েছিলেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এই অভিযোগের কারণে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম। এবার এই ঘটনার প্রেক্ষিতেই তাঁকে তোপ দাগেন মদন মিত্র।    

তৃণমূল বিধায়কের কথায়, “এটা যদি তৃণমূল কংগ্রেসের কারও বিরুদ্ধে হত, আমার বিরুদ্ধে হত মাথা ন্যাড়া করে ঘুরে বেড়াত সব। এটা ঠিক না। তন্ময়বাবু মনে রাখবেন ঘুঁটে পোড়ে গোবর হাসে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করেছেন আপনারা। কোনও মহিলার সম্মতি ছাড়া তাঁকে অত্যাচার করা হলে তা লেনিনবাদ বা মার্কসবাদ ব্যাখ্যা দিয়ে চেপে দেওয়া যাবে না। আমাদের ছেলেমেয়েরা কালকেই মিছিল বের করছে”।

অন্যদিকে, গতকাল, সোমবার তন্ময় ভট্টাচার্যকে তলব করেছিল বরানগর থানার পুলিশ। অভিযোগকারিণী তরুণী সাংবাদিকের বয়ানও সংগ্রহ করেছে পুলিশ। নিজের দিকে ওঠা অভিযোগ প্রসঙ্গে তন্ময় ভট্টাচার্য বলেছেন, “ভদ্রমহিলা আমার বাড়ি থেকে বেরিয়েছেন আনুমানিক ১০টা ৪০ মিনিটে। আমার পাশের বাড়ির এক যুবক আমায় রাতে জানিয়েছে যে মেয়েটি হাসতে হাসতেই বাড়ি থেকে বেরোচ্ছিলেন। মেয়েটি ফেসবুক লাইভে বলেছেন যে উনি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত। আমার বক্তব্য হল যে সময়ের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে, তারপরে মেয়েটি প্রায় ২৫ মিনিট আমার সাক্ষাৎকার নিয়েছে। এরপর আমার বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকে সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। যিনি এতটা ট্রমাটাইজ হয়ে রয়েছেন তাঁর পক্ষে কি এত কাজ করা সম্ভব”?

শুধু তাই নয়, তিনি গতকাল থানা থেকে বেরিয়ে বলেছিলেন, “ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়, আমার ওজন ৮৩ কেজি। ৮৩ কেজি ওজনের এক পুরুষ যদি ৪০ কেজি ওজনের এক মহিলার কোলে বসে পড়েন তাহলে সেই মহিলা শারীরিকভাবে ফিট থাকে কি না আমি জানি না। এটা পরিকল্পিত কুৎসা”।

RELATED Articles