জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদেই নড়ল টনক, সরকারি হাসপাতালে নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া শুরু, কী কী জানালেন মুখ্যমন্ত্রী?

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। চলছে প্রতিবাদ-আন্দোলন। এই ঘটনায় সরকারি হাসপাতালে নিরাপত্তা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। এবার সরকারি হাসপাতালে নিরাপত্তার স্বার্থে নানান পদক্ষেপের কথা জানাল রাজ্য সরকার। সরকার যে স্বাস্থ্য সুরক্ষায় তৎপর, তা ফের একবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।   

আজ, বৃহস্পতিবার জেলা ও রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের পর তিনি জানান, “জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। তারমধ্যেও দ্রুত গতিতে রাজ্যের সরকারি হাসপাতালের সুরক্ষা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে। ইতিমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে”।

মমতা জানান, হাসপাতালগুলিতে পর্যাপ্ত সিসিটিভি, রেস্ট রুম, ওয়াশ রুম, পানীয় জলের ব্যবস্থা-সহ নানা পরিকাঠামোগত উন্নয়নের কাজ করবে পিডব্লিউডি। এর পাশাপাশি অধ্যক্ষদেরও টেন্ডার ডেকে বাকি কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বন্যার পরিস্থিতিতে পিডব্লউডি-রও অনেক কাজ। তাই প্রিন্সিপালদেরও বলছি, সুরক্ষার কাজ দ্রুত শেষ করতে যা যা প্রয়োজন করুন”।

হাসপাতালের সুরক্ষায় বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু করা হবে বলে খবর। প্রত্যেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে এই বিষয়ে কথা বলা হয়েছে। মমতার কথায়, “যাঁরা বাইরে থেকে কাজ করতে আসছেন, তাঁদের বিস্তারিত তথ্য রাখতে হবে। সেজন্য এই নির্দেশ দেওয়া হয়েছে”।

সরকারি হাসপাতালগুলির সুরক্ষা খতিয়ে দেখার জন্য কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিই হাসপাতালের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবে বলে খবর। মুখ্যমন্ত্রী বলেন, “১২ হাজার পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল। সম্ভবত সোমবার এর অর্ডার আসবে। সেক্ষেত্রে হাসপাতালের সুরক্ষায় আরও জোর দেওয়া যাবে”।

মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে। কারা থাকবেন এবার এই সমিতিতে, তা স্পষ্ট করে এদিন মুখ্যমন্ত্রী জানান, “সদস্য হিসাবে থাকবেন এমএসভিপি। একজন জুনিয়র ডাক্তার, একজন সিনিয়র ডাক্তার বা বিভাগীয় প্রধান, সিস্টারের তরফে একজন, একজন জনপ্রতিনিধি থাকবেন। তাঁরাই হাসপাতালের দায়িত্ব গ্রহণ করবেন”।

আরও পড়ুনঃ নতুন পদ পাওয়ার পরই বিপাকে মনোজ ভার্মা, নতুন পুলিশ কমিশনারের নির্দেশের বিরুদ্ধে মামলা হাইকোর্টে, কী ঘটল আচমকা? 

শুধু তাই নয়, নিরাপত্তার জন্য দ্রুত ‘রাত্তিরের সাথী’ অ্যাপ চালু করার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সুপ্রিম কোর্ট যা যা বাদ দেওয়ার কথা জানিয়েছিল, তা মেনেই এবার পুজোর আগে কীভাবে এই অ্যাপ চালু করা যায়, তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয় বলে খবর।

RELATED Articles