‘আমরা না দিলে কোথায় পেতেন’? স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রকে খোঁচা মমতার

কিছুদিন আগেই তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দাবী করেছিলেন, রেখা পাত্র (Rekha Patra) সরকার প্রদত্ত স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেন, আর তা সত্ত্বেও সরকারের বিপক্ষে বিজেপির হয়ে লড়ছেন। এবার সেই একই প্রসঙ্গ নিয়ে ফের রেখাকে খোঁচা দিতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সন্দেশখালির আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ হলেন রেখা পাত্র। তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে রেখা পাত্রই প্রথম মুখ খুলেছিলেন। সংবাদমাধ্যমের সামনে গর্জে উঠেছিলেন তিনি। গোপন জবানবন্দি দিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের কাছে। তাঁর কারণেই নড়েচড়ে বসেছিল প্রশাসন। সেই রেখা পাত্রকেই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করে বড় মাস্টারস্ট্রোক দিয়েছে বিজেপি।

বারবার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছেন রেখা পাত্র। তবে তৃণমূল নেতাদের দাবী, সরকারি হিসেব অনুযায়ী রেখা পাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রতি মাসে টাকাও পান তিনি। এই তথ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় দেবাংশুর বিরুদ্ধে অভিযোগও করেছিলেন রেখা পাত্র। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন তাঁকে।

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

আজ, শনিবার নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যে মহিলাকে ওখানে (বসিরহাটে) প্রার্থী করেছে, তারা নাকি কিছু পায় না। আমি বলছি মিলিয়ে নিন, তিনি স্বাস্থসাথী কার্ডও পান, তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান। আমরাই কিন্তু সেটা করে দিয়েছি”। এরপর রেখা পাত্রের উদ্দেশে মমতার কটাক্ষ, “আমরা না করলে কোথায় পেতেন? এক বার তো স্বীকার করুন”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবী, “সন্দেশখালি নিয়ে বলছে, চোরের মায়ের বড় গলা। সন্দেশখালিতে জমিজমা নিয়ে কিছু গণ্ডগোল হয়েছিল। আমাদের পুলিশ গ্রেপ্তার করেছে। সব জায়গা ফিরিয়ে দিয়েছে। আমাদের প্রশাসন সব কাজ করেছে”।

প্রসঙ্গত, সন্দেশখালির ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল। এই ঘটনা নিয়ে বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে। আর সেই সন্দেশখালির প্রতিবাদী মুখকেই বসিরহাট থেকে প্রার্থী করেছে বিজেপি। ফলে সেই লোকসভা কেন্দ্রে হারের ভয়েই কী বারবার রেখা পাত্রকে এমন খোঁচা দিয়ে তাঁকে দমানোর চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল? উঠছে প্রশ্ন।  

আরও অন্যান্য খবর