বঞ্চিত নতুন’রা, ভোটের আগে মমতা সরকারের কাছ থেকে মোটা টাকা  ‘উপহার’ পাচ্ছে পুরনো ক্লাবগুলি

ক্ষমতায় আসার পর থেকেই কলকাতার ক্লাবগুলোকে নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকবারই এই ক্লাবগুলো মোটা টাকার আর্থিক সহায়তা পায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এখনও পর্যন্ত ১০ হাজার ক্লাব পেয়েছে সরকারি অনুদান।

তবে এবার বিধানসভা নির্বাচনের মুখে আর নতুন ক্লাব নয়,  শুধুমাত্র পুরনো ক্লাবগুলিকে দেওয়া হবে অনুদান বলে জানাল রাজ্য সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় খেলাধুলার বিকাশ ঘটাতে ও উৎসাহ দিতে প্রতিবছর এই ক্লাবগুলিকে অনুদান দিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। প্রথমে ঠিক হয়েছিল, প্রথম বছরে ২ লক্ষ টাকা পাবে ক্লাবগুলি। পরের দু’বছর এক লক্ষ টাকা করে দেওয়া হবে। পরে তা বাড়ানো হয়। চতুর্থ বছরেও ১ লক্ষ টাকা পেয়েছে ক্লাবগুলি। তবে পরের দফার অনুদান পেতে ক্লাবগুলিকে জমা দিতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট। কোন খাতে খরচ হয়েছে, তার হিসাব দিতে হবে। হিসাব সঠিক না হলে ওই ক্লাব আর অনুদান পাবেন না বলে জানানো হয়। চলতি বছর নতুন কোনও ক্লাব পাচ্ছে না। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,’নতুন কোনও ক্লাবকে দেওয়া হচ্ছে না। নিয়ম অনুযায়ী, প্রথম বছরে ২ লক্ষ। পরের ৩ বছরে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়।’

উল্লেখ্য, মমতা সরকারের ক্ষমতায় আসার প্রথম থেকেই ক্লাবগুলির অনুদান নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খয়রাতির অভিযোগ করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও রাজ্য সরকার‌ও প্রথম থেকেই দাবি করে আসছে, ক্রীড়া পরিকাঠামোর উন্নতির লক্ষ্যেই এই অনুদান।

RELATED Articles