আজ বিশ্ব পরিবেশ দিবসে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, ‘সবুজ বাঁচান, জীবন বাঁচান’

আজ বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্ব এখন করোনার বেড়াজালে বন্দি। লাখ লাখ মানুষ সংক্রামিত। কত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কিন্তু তার মধ্যেই পৃথিবীর সমস্ত মানুষ আজ পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আজ নানা দেশের মানুষ পরিবেশ সচেতনতার স্লোগান তুলবে। আজ মানুষ আগামীদিনে সবুজকে বাঁচাতে অগ্রণী হবে। কিন্তু এই পরিবেশ দিবসের প্রাক্কালেই কেরলে হাতি মৃত্যুর ঘটনা মানুষের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করে গেছে।

আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন,’সবুজ বাঁচান, জীবন বাঁচান। আমফানের প্রভাবে আমাদের পরিবেশে অনেক ক্ষতি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে যে প্রায় দশ হাজারেরও বেশি গাছ উপড়ে পড়েছে। আমাদের সবাইকে একসাথে মিলে আবার রাজ্যে সবুজায়নকে পুনরুদ্ধার করতে হবে।’ আমফানের প্রভাবে পশ্চিমবঙ্গে অনেক ক্ষতি হয়েছে। শুধু মানুষের নয়, পরিবেশেরও। কলকাতা সহ একাধিক জেলাতেই সবুজেরা প্রায় বিনষ্ট হয়ে গেছে।

আজ বিশ্ব বিপর্যস্ত। পরিবেশের ওপর মানুষের যথেচ্ছাচারের ফল মানুষ নিজেই ভোগ করছে। তবে লকডাউনের জেরে কিছুদিনের জন্য দেশে দূষণের মাত্রা কমে যাওয়ায় নানা পশুপাখিকে রাস্তায় ঘুরতে দেখা গেছিল। কিন্তু এই জলবায়ু পরিবর্তনের প্রভাব কতদিন চিরস্থায়ী হবে? লকডাউন পরবর্তী পরিস্হিতিতে এবার মানুষের অত্যাচার শুরু হবে।আবার নতুন নতুন বাড়ি, মাল্টিপ্লেক্স, ক্রীড়াঙ্গন বানাতে বড় বড় জঙ্গল কেটে ফেলা হবে। বন্য প্রানীরা ধীরে ধীরে আবার অবলুপ্তির পথে হাঁটবে। তবুও আমাদের আজীবন চেষ্টা করে যেতে হবে আমাদের সাধ্যমত এই পরিবেশকে কিছু দিয়ে যেতে। এই পরিবেশ আছে বলেই আজ আমরা এই পৃথিবীতে রয়েছি।

আরও অন্যান্য খবর