একুশের বিধানসভা থেকে উপনির্বাচন, সবই শেষ। সব ক্ষেত্রেই বিপুল জয়ের মুখ দেখেছে তৃণমূল। এবার ফের রাজ্যে ভোটের বাদ্যি। আগামী ১৯শে ডিসেম্বর রয়েছে কলকাতায় পুরভোট। সমস্ত রাজনৈতিক দলগুলিই প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
চলছে জোরকদমে প্রচার। এবার জানা গেল, পুরভোটের জন্য প্রচারে নামবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরভোট যে বেশ গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, একই দিনে পরপর দুটি সভা করবেন তৃণমূল নেত্রী।
কিন্তু কেন পুরসভার নির্বাচনের প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো?
তৃণমূল সূত্রে খবর, এই নির্বাচনকে মোটেই হালকা করে নিচ্ছে না দল। তাছাড়া মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ও তাঁর কথা শুনতে চায়। এছাড়াও দেশের নানান প্রান্ত ঘুরে বিজেপির বিরুদ্ধে একাধিক তথ্য জোগাড় করেছেন মমতা। সেসব এবার তিনি মানুষের সামনে তুলে ধরা হবে। তাই এই নির্বাচনেও প্রচারে নামবেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৬ই ডিসেম্বর অর্থাৎ পুরভোটে প্রচারের শেষ দিনেই প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একদিনে পরপর দুটি সভা করবেন তিনি। প্রথম সভাটি রয়েছে বাঘাযতীন এলাকায় ও দ্বিতীয় সভাটি হবে বেহালায়। এই দুই সভা থেকেই পুরভোটের ১৪৪টি ওয়ার্ডের প্রার্থীদের জন্য প্রচার করবেন তিনি।
আজ, শনিবার পুরভোট নিয়ে পরিকল্পনা করার জন্য বৈঠকে বসে তৃণমূল। ১৪৪ জন প্রার্থীকে নিয়েই বৈঠক করে দলীয় নেতৃত্ব। এই বৈঠক থেকে প্রার্থীদের নানান নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও আরও অন্যান্য নেতারা।





