শাসক দল মঞ্চ মাতাবে আর বিরোধী শিবির থেকে কটাক্ষ উড়ে আসবেনা। এমনটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কল্পনার অতীত।
আর সেই ধারাবাহিকতায় তৃণমূলের ২১শে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশকে তীব্র কটাক্ষ করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার বিজেপির রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তীব্র আক্রমণ হানেন তিনি। তাঁর দাবি, আগামী বছরের ২১ জুলাই ২১টা লোকও জোগাড় করতে পারবেন না মমতা।
আত্মবিশ্বাসী দিলীপের কথায়, আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে তৃণমূলের বিদায় পাকা। আর আসছে বছর থেকে তাই আর মুখ্যমন্ত্রী হিসাবে ভাষণ দিতে পারবেন না মমতা। কারণ, বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে এপ্রিল ও মে-তে। মে-র মাঝামাঝি বেরোবে ফল। তাতেই বিদায় ঘটবে মমতা জমানার। এমনই দাবি দিলীপের।
মমতাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘উনি আগামী বছর মুখ্যমন্ত্রী হিসাবে ভাষণ দিতে পারবেন না। সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এই সভা করতে হবে। অনুমতি আমরাই দেব। আটকাবো না। কোর্টে যেতে হবে না।‘
এরপরই রাজ্য বিজেপির সভাপতি বলেন ‘সেই ২১ জুলাইয়ে ২১ জন লোকও ওঁর ভাষণ শোনার জন্য পাবেন না। ওঁকে রাস্তার পাশে পথসভা করতে হবে। রাস্তার ওপর জনসভা আর করা হবে না।‘





