বাংলার মানুষের সর্বনাশ করার অধিকার আপনাকে কে দিয়েছে? মুখ্যমন্ত্রীকে কড়া প্রশ্ন সুজন চক্রবর্তীর

আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। ১৯৯৩ সালের ২১শে জুলাই মহাকরণের সামনে পুলিশি গুলিচালনায় মারা গিয়েছিলেন যে শহীদরা তাদেরকে স্মরণ করে প্রতিবছর এই দিনটিকে শহীদ দিবস পালন করে তৃণমূল। যদিও বিগত কয়েক বছর ধরে এটা শহীদ দিবস কম এবং তৃণমূলের বার্ষিক উৎসব বেশি মনে হয় বলে মনে করেন বিরোধীরা। এবার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই একুশে জুলাই নিয়ে একটি কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এক বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন এই একুশে জুলাই নিয়ে যে কমিশন তৈরি হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বর মাসে সেই কমিশনের রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ করতে হবে।

তিনি স্পষ্ট বলেছেন যে, মুখ্যমন্ত্রী যে প্রবঞ্চক ও তৃণমূল যে তঞ্চকতা করে তা মুখ্যমন্ত্রীর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। তিনি যতই আজ সমাবেশ মঞ্চে গর্জন করে উঠুন না কেন তাঁর চোখে মুখে একটা ব্যর্থতা ও হতাশার ছাপ ফুটে উঠেছে।

“পাঁচ বছর হয়ে গেল এই একুশে জুলাই এর ঘটনা নিয়ে যে কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশন এখনও রিপোর্ট দিতে পারল না? আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ছি তিনি যেন এই কমিশনের রিপোর্ট অবিলম্বে প্রকাশ করেন”, ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন সুজন চক্রবর্তী। মমতা করোনা নিয়েও তথ্য গোপন করছেন এই অভিযোগ তুলে সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই প্রশ্ন করেন যে, “বাংলার মানুষের এত সর্বনাশ করার অধিকার আপনাকে কে দিয়েছে?”

RELATED Articles

Leave a Comment