রাজ্যের রাজনৈতিক ময়দান ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক চাপানউতোর, পাল্টা অভিযোগ আর তীব্র বাকযুদ্ধ। সাধারণ মানুষের চোখ এখন একটাই দিকে কে কী বলছে, আর সেই কথার আড়ালে লুকিয়ে আছে কী ইঙ্গিত। ঠিক এই সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যাযয়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সাম্প্রতিক এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে নিশানা করে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি দাবি করেন, তাঁর কাছে নাকি একাধিক প্রমাণ রয়েছে এবং প্রমাণ ছাড়া তিনি কোনও কথা বলেন না। এখানেই থেমে থাকেননি, বিজেপিকে “সবচেয়ে বড় অনুপ্রবেশকারী” বলে উল্লেখ করে বলেন, প্রয়োজনে “একটা দুটো কেস দিয়ে ঝুলিয়ে দেব” এই মন্তব্য ঘিরেই এখন শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধীদের মতে, এটি শুধুই রাজনৈতিক বক্তব্য নয়, বরং স্পষ্ট হুমকির ইঙ্গিত।
অনুপ্রবেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কে এই অনুপ্রবেশকারীদের রাজ্যে এনেছে এবং কারা তাদের প্রশ্রয় দিচ্ছে? তাঁর বক্তব্য, এই বিষয়ে সত্য সামনে আনতেই তিনি প্রস্তুত। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দীর্ঘদিন ধরে চলা এই ইস্যুতে নতুন করে সুর চড়ানো আসলে ভোটের আগে রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয়। কারণ, এই অভিযোগ বহুবার উঠলেও স্পষ্ট কোনও পদক্ষেপ চোখে পড়েনি বলে দাবি বিরোধীদের।
এদিকে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই আদর্শ আচরণবিধি জারি হয়েছে। সেই প্রেক্ষিতে একজন মুখ্যমন্ত্রী এবং প্রার্থী হিসেবে এমন মন্তব্য কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও উঠছে প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, ক্ষমতার প্রভাব দেখিয়ে বিরোধী দলকে চাপে রাখার চেষ্টা চলছে। তাঁদের দাবি, গণতন্ত্রের কাঠামো বজায় রাখার বদলে উল্টে তা দুর্বল করার চেষ্টা হচ্ছে।
আরও পড়ুনঃ ‘এখনই না করলে অনেক দেরী হয়ে যাবে’ বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের কাতর আবেদন! পাবনা কি তবে আজীবনের মতো হারালো সুচিত্রা সেনের স্মৃতি?
সবশেষে প্রশ্ন উঠছে এই ধরনের আক্রমণাত্মক ভাষা কি আত্মবিশ্বাসের পরিচয়, নাকি পরাজয়ের আশঙ্কা? বিরোধী শিবিরের দাবি, নির্বাচনে সম্ভাব্য চ্যালেঞ্জের মুখে পড়েই এই ধরনের মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন। তবে সাধারণ মানুষের মধ্যে এখন একটাই কৌতূহলএই বাকযুদ্ধ শেষ পর্যন্ত ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে।





