যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে ঘটে যাওয়া মর্মান্তিক গনধর্ষণ (Gangrape) কান্ডের প্রতিবাদে আজ কলকাতার রাজপথে বিজেপি–র বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। বিকেল ৪টে থেকে বিড়লা তারামণ্ডল থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে শেষ হয় মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে। সেখানেই একটি ছোট সভামঞ্চে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত হয়েছিলেন শয়ে শয়ে তৃণমূল কর্মী–সমর্থক। একইসঙ্গে এই নারকীয় ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষও মিছিলে পা মেলান।
আজকের প্রতিবাদ মঞ্চে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই করোনা পরিস্থিতিতে গত ৬–৭ মাস ধরে কোনও মিটিং–মিছিলে তাঁর সায় ছিল না। কিন্তু উত্তরপ্রদেশে দলিত কন্যার ওপর ঘটে যাওয়া ঘটনা ও পরিবারের অনুমতি না নিয়ে পুলিশের নির্যাতিতার দেহ দাহ করা দেখে আর চুপ করে থাকতে পারেননি তিনি। নিজে যেতে পারেননি তাই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)–সহ ৪ জনের একটি প্রতিনিধি দলকে হাথরাসে পাঠিয়েছিলেন মমতা।
এদিনের বক্তব্যে তিনি বলেন, ‘মনে হচ্ছে এখনই উত্তরপ্রদেশে ছুটে যাই। আমার মন পড়ে রয়েছে সেই গ্রামে।’ তৃণমূলের প্রতিনিধি দলকে গ্রামে ঢুকতে না দেওয়া প্রসঙ্গে মমতা বলেন, ‘ওঁরা গ্রামের এক কিলোমিটারের কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেখানেই তাঁদের আটকে দেওয়া হয়। সামান্য ভদ্রতাও করা হয়নি ওঁদের সঙ্গে। মহিলাদের গায়ে হাত দিয়েছে পুরুষ পুলিশকর্মীরা। গতকাল সাংবাদিকদেরও সেখানে হুমকি দেওয়া হয়েছে। তাঁদের গ্রামের ভেতর যেতে না দেওয়ায় তাঁরা সেখানে ধর্নাও করছিলেন। এ কী চলছে উত্তরপ্রদেশে!’
মমতা বলেন, কোনও অপরাধ হলে আগে পুলিশ ব্যবস্থা নেবে ও তার পর নিয়ম অনুযায়ী বিচার হবে। কিন্তু উত্তরপ্রদেশে অত্যাচার হওয়ার পর বিজেপি সরকার পরিবারের হাতে দেহ না দিয়ে দহন করে দিল। এ কেমন বিচার? আমি সারা ভারতকে বলতে চাই, আমার মন উত্তরপ্রদেশের ওই গ্রামে পড়ে রয়েছে যেখানে আমার এক দলিত বোনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওর পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না কাউকে।
আসন্ন বিধানসভা ভোটের আগে বিজেপি–কে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘এরকমই এক ঘটনা ঘটেছিল সিঙ্গুরে। তখন আমি ২৬ দিন অনশন করেছিলাম। তাই আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। সময় একদিন আসবেই। আমি যাব উত্তরপ্রদেশের ওই গ্রামে। আপনারা (বিজেপি) জানতেও পারবেন না।’
সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছতে চেয়ে এদিন বাংলায় কম, হিন্দিতেই বেশি কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সভামঞ্চ থেকে অভিযোগ করে বলেন, ‘কোনও গণতন্ত্র নেই ভারতে। রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে দেশ। এ দেশ এখন একনায়কতন্ত্রের সরকার হয়ে দাঁড়িয়েছে।’





