শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে ডামাডোল লেগেই রয়েছে। এখনও সেই দুর্নীতির মীমাংসা হয়নি। এখনও চাকরি আটকে যোগ্য প্রার্থীদের। আদালতে আটকে মামলা। এরই মধ্যে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির মূল মাথা মানিক ভট্টাচার্য জামিন পেলেন কলকাতা হাইকোর্টে।
২০২২ সালের অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেল হয় মানিক ভট্টাচার্যের। প্রেসিডেন্সি জেলে ছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিল তাঁর মামলার শুনানি। জামিনের আবেদন করেছিলেন তিনি। এদিন বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেছেন।
এর আগে একাধিকবার জামিনের জন্য আবেদন জানিয়েছেন মানিক ভট্টাচার্য। শারীরিক অসুস্থতার কথা বলেও জামিনের আবেদন করেছেন। কিন্তু তা মঞ্জুর হয়নি। তবে আজ তাঁর মঞ্জুর হল। জানা গিয়েছে, জামিন পেলেও শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। চারটি শর্ত মেনে চলতে হবে তাঁকে, এমনটাই জানানো হয়েছে আদালতের তরফে।
হাইকোর্টের তরফে মানিক ভট্টাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাঁকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। তাঁর বিরুদ্ধে যে তদন্ত চলছে, তাতে তাঁকে সাহায্য করতে হবে আর ট্রায়াল কোর্টে হাজিরা দিতে হবে। এর পাশাপাশি নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না মানিক ভট্টাচার্য। কোনও সাক্ষীর উপরে যাতে কোনও প্রভাব না খাটানো হয়, এদিন তাও স্পষ্ট করে দেন বিচারপতি।





